ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে শাহেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান জয়লাভ করেছেন। সভাপতি পদে শাহেদ চৌধুরী পেয়েছেন ৬৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান সম্রাট পেয়েছেন ১৪১ ভোট। ইলিয়াস খান সাধারণ সম্পাদক পদে ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু ২৬৪ ভোট ও শওকত ওসমান রচি ১৭৩ ভোট পেয়েছেন।
গতকাল শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়ে এক ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৯৩৫ জন ভোটারের মধ্যে ৮২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। জিয়াউল কবির সুমন (৩১০ ভোট) সহ-সভাপতি, ইলিয়াস হোসেন (৪০১ ভোট) যুগ্ম সম্পাদক, রেজাউল করিম (৫৬৭ ভোট) অর্থ সম্পাদক, রাজু আহমেদ (৩৬২ ভোট) সাংগঠনিক সম্পাদক, মেহেদী আজাদ মাসুম (৩৮৫ ভোট) সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে জয়লাভ করেছেন মোরসালিন নোমানী (৪৫০ ভোট), হাসান জাহিদ তুষার (৪৪০ ভোট), জামিউল আহসান সিপু (৪১৯ ভোট), সাইদুল ইসলাম (৩৩৩ ভোট), জিয়াউল হক সবুজ (৩২৬ ভোট), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (২৭৩ ভোট) ও মিঠুন মুস্তাফিজ (২৬৯ ভোট)।
দফতর সম্পাদক পদে কাজী হাবিব, নারী বিষয়ক সম্পাদক পদে আইরিন নিয়াজী মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ও ক্রীড়া সম্পাদক পদে মুরসালিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
