আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘যত হুমকিই আসুক না কেন আগামী দশম জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যথাসময়ে হবে। তবে নির্বাচন পরিচালনা করবে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে এভাবেই নির্বাচন হয়। আওয়ামী লীগের কাছ থেকে কোনো অসাংবিধানিক দাবি আদায় করা যাবে না।’ গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বিজয় দিবস উপলক্ষে যৌথসভা-পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
