বোলারদের দাপটে দেশের ভিন্ন চারটি ভেন্যুতে গতকাল শনিবার থেকে শুরু হওয়া ১৪তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলাগুলোয় উদ্বোধনী দিনে ব্যাটসম্যানদের দুর্দশায় থাকতে হয়। উইকেট দখলে সবচাইতে বেশি কৃতিত্ব দেখান ঢাকা মেট্রোর তালহা জুবায়ের ও ঢাকা বিভাগের মোশারফ হোসেন। তালহা আটটি ও মোশারফ সাত উইকেট দখল করেন।
রংপুর বিভাগ-ঢাকা মেট্রো
তালহা জুবায়ের একাই আট উইকেট তুলে নিলে ঢাকা মেট্রো ৪৩.৫ ওভারে ১২৯ রানে অলআউট করে দেয় রংপুর বিভাগকে। বগুড়ার চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জবাবি পালায় ঢাকা মেট্রোও সুবিধা করতে পারেনি। স্ট্যাম্প তোলার আগে ৩৯ ওভার ব্যাট চালিয়ে ঢাকা ছয় উইকেটে করে ১৪৩ রান। তালহা ৩৫ রানে উইকেটগুলো নেন।
ঢাকা বিভাগ-খুলনা বিভাগ
মোশারফ হোসেনের সাত উইকেট দখলের নৈপুণ্যে ঢাকা বিভাগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা বিভাগকে ৫৯ ওভারে ১৭১ রানে অলআউট করে দেয়। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জবাবে ঢাকা দুই উইকেট হারিয়ে তোলে ৯২ রান। মোশারফ ৫৫ রানে উইকেটগুলো দখল করেন।
বরিশাল-চট্টগ্রাম
বরিশাল বিভাগ গতকাল সিলেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ৯০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। ক্রিজে অপরাজিত আছেন সালমান (৯০) ও সজিব (৪৩)
সিলেট-রাজশাহী
ফরহাদ রেজা ও সাকলাইন সজিবের বোলিংয়ে সিলেট বিভাগ রাজশাহীর বিরুদ্ধে ৮০.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে রাজশাহী দিনের অবশিষ্ট সময় সাত ওভার ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে তোলে ১০ রান।
সিলেটের পক্ষে অলক ৪৬, রুম্মান ৩৫ ও এনামুল ২৬ রান করেন। ফরহাদ ২৬ রানে চারটি এবং সজিব ৮১ রানে তিন উইকেট নেন।
