ওয়ান ইলেভেন ও তত্ত্বাবধায়ক আর ফিরে আসবে না :নাসিম

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওয়ান ইলেভেন, জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক দেশে আর ফিরে আসবে না। কারণ অনির্বাচিত কারো কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না। কাজেই তিন মাসের সরকারের মেয়াদ বাড়িয়ে দুই বছর বাড়িয়ে ক্ষমতায় থেকে রাজনীতিবিদদের হয়রানি করার সুযোগ আর কেউ পাবে না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাবুবাজারস্থ চান সরদার কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিজয়ের মাসে যখন সারাদেশের মানুষ বিজয় উত্সব পালন করবে ঠিক তখনই বিরোধী দল দেশের শান্তি নষ্ট করতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। যারা বিজয়ের মাস ডিসেম্বরে অবরোধ সৃষ্টি করে তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। জনগণ শেখ হাসিনার নেতৃত্বে বিরোধী দলের অবরোধ কর্মসূচি রুখে দিয়ে বিজয় উত্সব পালন করবে। তিনি বলেন, কোনো অনির্বাচিত ব্যক্তি নয়, নির্বাচন করবে স্বাধীন নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে নির্বাচন। বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গণমাধ্যম শুধু ব্যাংকের সমালোচনাই করে, ইতিবাচক সমালোচনা করে না। মদিনা গ্রুপের এই প্রতিষ্ঠানে অর্থায়ন করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে ব্যাংক শুধু হলমার্কের মতো জায়গাতেই বিনিয়োগ করে না। ভাল জায়গাতেও বিনিয়োগ করে। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে বলেই দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা সরকারের বড় সফলতা। কিন্তু এই সফলতার চিত্র গণমাধ্যমে ঠিকমতো আসে না। মদিনা গ্রুপের এমডি হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা সেলিম, পরিচালক সালমান আশিক প্রমুখ।