সুবর্ণচরে দুই গৃহবধূর লাশ উদ্ধার আটক এক

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে শুক্রবার দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন পপি আক্তার (২৪) ও লুবনা আক্তার। এদিকে পপি আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আবু তাহেরকে আটক করেছে পুলিশ।

পপির পরিবারের অভিযোগ, চার বছর আগে মধ্য বাগ্যার আবু তাহেরের সঙ্গে পপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে পপির স্বামী, শাশুড়ি ও ননদ মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। অপরদিকে উপজেলার উত্তর কচ্চাপিয়া গ্রামের নাছির উদ্দিনের মেয়ে লুবনার সঙ্গে কুমিল্লার মনোহরগঞ্জের প্রবাসী মো. শাহজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে বাবার বাড়িতে থাকতো। ঘটনার দিন স্বর্ণের নাক ফুল ও রিং হারানোর ঘটনাকে কেন্দ্র করে ছোট বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে লুবনা বক মারার বিষ পান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, পপির স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া লুবনা আক্তারের আত্মহত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে।