যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের আকাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণের জন্য চৌদ্দশ কোটি টাকা খরচ করে সবকিছু প্রস্তুত করা হয়েছে। শুধু অর্থের সংস্থান হলেই এ সরকারের মেয়াদের মধ্যেই নির্মাণ কাজ শুরু করা হবে। বর্তমান সরকার দেশের মানুষের উন্নয়নে সবকিছু করছে। বাগেরহাটের মোল্লাহাট খলিলুর রহমান কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় গতকাল শনিবার তিনি একথা বলেন। এর আগে তিনি বাগেরহাট-মংলা মহাসড়ক ও মংলা বন্দর পরির্দশন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, এস এম মোস্তফা রশিদী সুজা, মীর শওকাত আলী বাদশা এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, লায়ন শামসুল আলম, সাবেক যু্বলীগ নেতা আতিকুর রহমান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি এস এম শরিফুল ইসলাম, উত্তম দাস, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
