মাসব্যাপী ফিরতি হজ ফ্লাইট গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে। কিন্তু প্রায় দেড় হাজার হাজী এখনো সৌদি আরবে অবস্থান করছেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব জানায়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই এসব হাজী নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন। বাংলাদেশ থেকে এবার হজ পালন করেছেন এক লাখ ৯ হাজার ৬৬০ জন।
ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি বিমান সংস্থা ৩২৪টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। বিমান ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে ১৩৬টি। সৌদি এয়ারলাইন্স ও সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা নাস এয়ারওয়েজ যৌথভাবে ১৮৮টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে হজ পালন শেষে দেশে ফিরেছেন এক লাখ আট হাজার ৯০ জন। ফিরতি হজ ফ্লাইট শেষ হলেও না ফেরার সঠিক সংখ্যা হচ্ছে এক হাজার ৫৭০ জন।
হাব মহাসচিব এমএ রশিদ শাহ সম্রাট ইত্তেফাককে জানান, যারা দেশে ফিরেননি তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে সৌদি আরবে চিকিত্সাধীন রয়েছেন। সৌদি আরবে কর্মরত আত্মীয়-স্বজনের বাসায় অবস্থান করে ঘুরে বেড়ানো এবং তাবলিগ জামাতে ব্যস্ত আছেন অনেকেই। দেশে না ফেরার যে সংখ্যা রয়েছে তা থেকে ১৭৩ জনকে বাদ দেয়া হয়েছে। হজব্রত পালনের আগে ও পরে সৌদি আরবে এরা মারা যাওয়ায় সেখানেই লাশ দাফন করা হয়। মারা যাওয়ার যে তালিকা রয়েছে তাতে ব্যালটি সাতজন এবং ননব্যালটি ১৬৬ জন। যারা মারা গেছেন তাদের বাদ দিলে দেশে ফিরে না আসা হাজীদের সংখ্যা এক হাজার ৩৯৭ জন।
