ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনা শান্তি প্রক্রিয়ায় বাধা দিবে : হিলারি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১২, ২২:০৬
মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলের তিন হাজার বসতবাড়ি নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি শান্তির জন্য প্রতিবন্ধক হবে। হিলারি বলেন, ‘আজকের ঘোষণার আলোকে আমি পুনর্ব্যক্ত করতে চাই যে, আগের প্রশাসনের মতো বর্তমান প্রশাসনও ইসরাইলের কাছে অত্যন্ত পরিষ্কার করে বলেছে যে, এসব কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করে। খবর এএফপির। হিলারি ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক ফোরামে বক্তৃতাকালে একথা বলেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আবিগডর লিবারম্যান ও প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ফোরামে উপস্থিত ছিলেন। হিলারি বলেন, গাজায় বসতি সমস্যার সবচেয়ে টেকসই সমাধান হবে ইসরাইল ও সকল ফিলিস্তিনির বৈধ প্রতিনিধি ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতৃত্বে একটি ব্যাপকভিত্তিক শান্তি স্থাপন। হিলারি ফিলিস্তিন সমস্যার একটি দ্বি-রাষ্ট্রিক সমাধানে আলোচনার পথ খুঁজে বের করতে সকলের একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। এর বাইরে ইসরাইলের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিনেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।