শেয়ারবাজারে সূচক কমেছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
দেশের শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। বাজার সংশিস্নষ্টরা বলছেন, আস্থার অভাবেই বাজার স্থিতিশীল হতে পারছে না। দুই এক দিন বাজারে শেয়ারের দর বাড়লেও তা স্থায়ী হচ্ছে না। আস্থার অভাব কাটানোর জন্য বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আসতে কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৩ হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৯টি কোম্পানির ৮ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৫৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৩১২ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ১২৮ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ২২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, আর এন স্পিনিং, আমরা টেকনোলজি, ন্যাশনাল ব্যাংক, সায়হাম কটন, তিতাস গ্যাস ও বেক্সিমকো। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আমরা টেকনোলজি, এবিবি ১ম মিউচ্যুয়াল ফান্ড, ম্যাকসন স্পিনিং, ইউনিক হোটেল, রেকিট বেঙ্কাইজার, বিএসসিসিএল, বাটা সু, পূবালী ব্যাংক, বঙ্গজ ও এফবিএফআইএফ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- গ্রামীণ ১, প্রগ্রেসিভ লাইফ, মডার্ন ডাইয়িং, ১ম বিএসআরএস, আনলিমা ইয়ার্ন, জিপিএইচ ইস্পাত, এপেক্স ফুডস, আইসিবি ৩য় এনআরবি, রহিমা ফুড ও কে এন্ড কিউ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩৭ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭৯ পয়েন্টে নেমে আসে। সিএসই-৩০ মূল্য সূচক ১৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৮১২ পয়েন্টে নেমে আসে। গতকাল সিএসইতে মোট ৪৩ কোটি ৭৯ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন হয়েছে। লেনদেনকৃত ১৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের।