৬ ডিসেম্বর শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ১৯:৪৮
‘সমৃদ্ধির জন্য জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ২০১২। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর প্রস্তুতি নিয়ে গতকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সচিবালয়ের সিনিয়র পরামর্শক মুনির হাসান প্রমুখ। তারা জানান, এ আয়োজনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং তরুণ, শিক্ষার্থী ও আইসিটি প্রফেশনালদের মধ্যে একটি নিবিড় প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে সেমিনার, সম্মেলন ও কর্মশালার বাইরেও নানা ধরনের আয়োজন রয়েছে।