ছোটবেলায় শখ করে খেলনা গাড়ি কিংবা মোটরসাইকেল দিয়ে তো কতজনই খেলেছেন। কিন্তু একটু বয়স হয়ে যাওয়ার পর অধিকাংশ মানুষই যে এ ধরনের খেলনা গাড়ি বা অন্যান্য খেলনার আর খোঁজ রাখেন না সেটাই স্বাভাবিক। তবে অন্য সবার চাইতে ব্যতিক্রম হয়ে এবং ছোটবেলায় খেলা খেলনা মোটরসাইকেলের প্রতি নিজের ভালোবাসার ধারাবাহিকতা বজায় রেখেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নরকো শহরের অধিবাসী ডেভিড কোরেইয়া। ২০১২ সালের ২৪ মে পর্যন্ত হিসেব অনুযায়ী ডেভিডের সংগ্রহে থাকা ১,২৫৮টি খেলনা বা মডেল মোটরসাইকেলের সংগ্রহই হলো বিশ্বের এ ধরনের সবচেয়ে বড় সংগ্রহ। মূলত ১৯৯২ সালে এক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে ১৯৬৩ সালের মডেলের হার্লে ডেভিডসন মোটরসাইকেলের একটি চমত্কার মডেল বা প্রোটোটাইপ উপহার পাওয়ার পর থেকেই এ ধরনের মডেল মোটরসাইকেল সংগ্রহের দিকে ঝুঁকে পড়েন। আর মজার বিষয় হলো, ডেভিডের সংগ্রহে থাকা এই মোটরসাইকেলের প্রতিটিতেই কিন্তু একজন মডেল আরোহীও আছেন।
