পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত তিন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৫১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে শনিবার সকালে খেতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বোমা বিস্ফোরণে কলেজ ছাত্রসহ দুজন আহত হয়েছেন। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার উজিরপুর ইউনিয়নের চামাগ্রাম মাঠে সোহেল রানা ও মো. ফদু কাজ করতে যান। এ সময় পাট ক্ষেতে দুটি বোমা পড়ে থাকতে দেখে খুনতি দিয়ে আঘাত করলে বিস্ফেরিত হয়ে তারা গুরুতর আহত হন।  শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাট খেতে বোমা পড়ে থাকা ও তা বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে শনিবার কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। আহত শিশু উপজেলার ছয়বাড়িয়া গ্রামের ওমর ফারুকের ছেলে রাব্বী (৯)। তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, এটি পটকার বিস্ফোরণ। দিয়াশলাইর বারুদ দিয়ে পটকা বানানোর সময় এটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।