মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের যান্ত্রিক ত্রুটির কারণে মিলের আখ মাড়াই-এর ৬ মিনিটের মাথায় বন্ধ হয়ে গেছে ফরিদপুর চিনিকল। শুক্রবার মিলের ৩৭তম মাড়াই শুরুর দিনে এ ঘটনা ঘটে।
১১৩ দিনে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান ৩৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের ৬ মিনিটের মাথায় তা বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রশাসন শত চেষ্টা সত্ত্বেও মিলটি পুনরায় চালু করতে পারেনি। ফলে হাজার হাজার টন আখ মিলের কারখানার সামনে শুকিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মহাব্যবস্থাপক (কারখানা) আকমাল হোসেন জানান, মিল কখন চালু হবে তা বলতে পারেন না। বিএমআর প্রজেক্টের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তিনি ত্রুটির জন্য এমডি ও পিডিকে দোষারোপ করেন।
ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. হামিদুর রহমান জানান, বিএমআরই প্রকল্পের অধীন নবরূপায়ণের কাজ সঠিক না হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এই সংকট ঠিক কখন কেটে উঠবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
