রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা করা হয়েছে। গ্রামের প্রবেশপথে এ সংক্রান্ত সাইনবোর্ড এবং নামফলক বসানো হয়েছে। রাজশাহী অঞ্চলের গ্রামে যখন বাল্যবিয়ের ঘটনা সামাজিক উন্নয়নের প্রতিবন্ধকতা, তখন মহানগরী থেকে ১২ কিলোমিটার দূরের গোবিন্দপুর গ্রামের মানুষ সংশ্লিষ্ট দামকুড়া ইউনিয়ন এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স’র (সিএমইএস) উদ্যোগে গত ২৭ নভেম্বর তাদের গ্রামটিকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা করেন।
গ্রামের ইউপি সদস্য আবদিব বলেন, বিভাগীয় শহর থেকে একটু দূরে হলেও গোবিন্দপুর গ্রামে শিক্ষার হার শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ। ফলে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণার সিদ্ধান্ত নিতে তেমন সমস্যা হয়নি। ভবিষ্যতে বাল্যবিয়ের প্রস্তাব নিয়ে যাতে কেউ গ্রামটিতে না আসেন, সেজন্য গ্রামের প্রবেশপথে ‘বাল্যবিয়ে মুক্ত’ গ্রাম সাইনবোর্ডের পাশাপাশি নামফলক স্থাপন করা হয়েছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজ্জাকুল ইসলাম বলেন, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের ফলে ওই গ্রাম বাল্যবিয়ে মুক্ত ঘোষণা সম্ভব হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে গ্রামে এধরনের উদ্যোগ নেয়া হবে।
