সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
হোমনায় ডিগ্রি পরীক্ষার্থীদের সংবর্ধনা হোমনা সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজের ডিগ্রি (পাস) কোর্স পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল রবিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য চন্দনলাল রায়, উপজেলা বিএনপির সেক্রেটারি ও কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মুক্তিযোদ্ধা আ. লতিফ। নিকলীতে শিশু সুরক্ষা কমিটি গঠন কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের গার্ল পাওয়ার প্রোজেক্টের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটি গঠন উপলক্ষে গতকাল রবিবার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গার্ল পাওয়ার প্রোজেক্টের টেকনিক্যাল অফিসার এফ এম সাইদুর রহমান, ইউপি সদস্য মোবারক হোসেন প্রমুখ। কালীগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার স্থানীয় করিম উদ্দিন পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা ছাড়াই স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন ! নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতিতেই বিজয়ের মাসের প্রথম দিনে শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কায়কোবাদ চত্বরে নির্মিত স্বাধীনতা ভাস্কর্যের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা ভাস্কর্য অনুষ্ঠানের আয়োজিত আলোচনাসভায় প্রতিমন্ত্রী বলেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণে এটি নির্মিত হলো। কক্সবাজারে ‘লাফিং ক্লাবের’ যাত্রা শুরু কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজারে যাত্রা শুরু করেছে ‘লাফিং ক্লাব’ নামের একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। ভোরে শয্যা ছেড়ে শরীরচর্চা করে এমন ব্যক্তিদের এ ক্লাবটি বিভিন্ন ধরনের শারীরিক কসরতের প্রশিক্ষণ দিবে। শনিবার সৈকতের কবিতা সরণীর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজবিহারী দাশ প্রমুখ। মিরপুরে মুক্তিযোদ্ধা কমান্ডারদের সম্মাননা মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরপুর উপজেলা কমান্ডের কমান্ডারগণ ও পৌর কমান্ডার এবং সকল ইউনিয়ন কমান্ডের কমান্ডারদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে কুরিপোলের হালিমা-রাবেয়া-লতিফ খন্দকার স্মৃতি সংসদের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। নড়িয়ায় ইটালি পাঠানোর নামে প্রতারণা নড়িয়া (শরিয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিঝারী ইউনিয়নের আকসা গ্রামের আ. খালেক খালাসীর পুত্র এনামুল হক খালাসীকে ইটালি নেয়ার কথা বলে ৭ লক্ষ টাকা আত্মসাত্ করে দিগন্তপ্রট্টি গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিন ভুঁইয়া। টাকা ও জমিজমা সব হারিয়ে নড়িয়া থানায় মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী এনামুল হক খালাসী । তালায় আওয়ামী লীগের সন্মেলন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ শনিবার তালা উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভা স্থানীয় খেজুরবুনিয়া বাজারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন গাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। কাপ্তাইয়ে ব্যাংক কর্মকর্তাদের মিলনমেলা রাঙ্গামাটি প্রতিনিধি \ সোনালী ব্যাংক চট্টগ্রামের ২৩টি শাখার নবীন কর্মকর্তাদের বর্ণাঢ্য মিলনমেলা ১ ডিসেম্বর কাপ্তাই উপজেলার বিনোদন কেন্দ্র জুম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ব্যাংকের কর্মকর্তারা সপরিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ে অবস্থান করেন। মিলনমেলা উপলক্ষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম মাহফুজুল ইসলাম। কালকিনিতে উদীচীর সম্মেলন কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ ‘জেগে আছি অহর্নিশ, অতন্দ্র প্রহর, দেব না গড়তে ঘাঁটি, ভিড়তে নৌবহর’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কালকিনি শাখা সংসদের ষষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সংসদ সভাপতি অধ্যাপক দেদারুল আলম মুরাদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উদীচী সংসদ সদস্য খান মোঃ শহীদ। বক্তব্য রাখেন মাদারীপুর জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন। পবিপ্রবিতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন দুমকি সংবাদদাতা \ একাত্তরের যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্নের দাবিতে শনিবার জয় বাংলা’র পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেক্টর কমান্ডারস ফোরাম। পরে সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। চান্দিনায় আওয়ামী লীগের সম্মেলন চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ চান্দিনায় এক যুগ পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ৫ ডিসেম্বর চান্দিনা পৌর আওয়ামী লীগ এবং ১৩ ডিসেম্বর চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পৌর আওয়ামী লীগের সম্মেলনের আগে ৩ ডিসেম্বর সোমবার পৌরসভার ১ নং ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে। এদিকে সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চাঁদপুরে বিজয় মেলা শুরু চাঁদপুর প্রতিনিধি \ ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরে শহীদ স্মৃতিসৌধ অঙ্গীকারের পাদদেশে ১ডিসেম্বর সন্ধ্যা থেকে মাসব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এবং মহলের সহযোগিতায় স্থানীয় হাসান আলী হাইস্কুল মাঠে মেলা শুরু হয়েছে। এবারের এই মেলায় ১২টি জেলার বিভিন্ন পণ্যসামগ্রীর ১৫০টি বাণিজ্যিক স্টল স্থান পেয়েছে। বিজয় মেলা মঞ্চে স্মৃতিচারণ, নাটক, সাহিত্য-সাংকৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মীর্জাগঞ্জে যুবকের কারাদণ্ড মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গত শনিবার রাতে মীর্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান উপজেলার মজিদবাড়ীয়া গ্রামে সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের (ইসরাত জাহান) নামে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বখাটে যুবককে তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। মীর্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, ঐ ছাত্রী ঘটনার দিন স্থানীয় খলিশাখালী বাজারে এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়া শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। এ সময় পথিমধ্যে একই গ্রামের বখাটে যুবক দেলোয়ার হোসেন তাকে যৌন হয়রানিমূলক আচরণ করলে স্থানীয় লোকজন যুবকটিকে ধৃত করে মীর্জাগঞ্জ থানা পুলিশে খবর দেয়। সে তার দোষ স্বীকার করলে বিচারক উল্লিখিত রায় প্রদান করেন। দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি \ ঢাকা জেলার দোহার উপজেলায় প্রবাসী নুরুল ইসলাম মাঝির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। শনিবার রাতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র ও আগ্নেআস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের কুয়েত প্রবাসী নুরুল ইসলাম মাঝির বাড়িতে হানা দেয়। বাড়ির মূল গেটের কাঠের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। আলমারিতে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেট লুটে নেয়। মাদারীপুরে চিকিত্সকবিহীন টিবি ক্লিনিক মাদারীপুর প্রতিনিধি \ জলার একমাত্র টিবি ক্লিনিকটিতে বর্তমানে কোন চিকিত্সক নেই। চিকিত্সক না থাকায় চিকিত্সা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লিনিকটিতে জুনিয়র কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের ২টি পদ শূন্য রয়েছে। দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি থেকে শনিবার কামাল হোসেন (২৫) ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দাগনভূঞার কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.আই রেজাউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাতশিরি গ্রামের মোস্তফা সওদাগরের পুত্র কামাল হোসেন কে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান বেঞ্জু। সিংগাইরে যুবলীগের কমিটি গঠন সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সিংগাইর উপজেলার যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ মনির হোসাইন সভাপতি এবং মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট অন্যরা হলো সহসভাপতি মোঃ আব্দুল গাফফার খান, আলম হোসেন, আফজাল হোসেন, জাহাঙ্গীর আলম খান, মোস্তাক হোসেন, অজিত কুমার সরকার, ছকেল উদ্দিন, যুগ্ন সম্পাদক আমিনুর রহমানসহ প্রমুখ। হাজীগঞ্জে চার সন্তানের জননীর আত্মহত্যা হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ গতকাল হাজীগঞ্জে বোনের সাথে অভিমান করে ৪ সন্তানের জননী জেসমিন (৩০) নামের এক গৃহিণী আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার হরিপুর গ্রামের দশআনী বাড়িতে। জেসমিন ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী। এ ঘটনায় জেসমিনের ৪ সন্তান দিশেহারা হয়ে পড়ে।