রাজবাড়ীতে লালন সঙ্গীত সন্ধ্যা
রাজবাড়ী প্রতিনিধি উপমহাদেশের খ্যাতনামা সাধক লালন সাঁইজির স্মরণে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাসস্ট্যান্ড লালন সংঘের উদ্যোগে শুক্রবার লালন সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় লালনের বাণীগুলো ধারণ ও লালন করে এবারও লালন সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোয়ালন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা লালন ভক্ত সাধু ও শিল্পীরা লালনের মর্মবাণী তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরেন। আর দর্শকরা সেই গানে মুগ্ধ হন। এ সময় খানখানাপুর বাসস্ট্যান্ড লালন সংঘের মো. কাশেম শেখ, মো. সুমন সরদার, মো. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কাহালু উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা
কাহালু (বগুড়া) সংবাদদাতা কাহালু উপজেলা সদরের কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার অভিভাবক সমাবেশসহ নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম নিলু। এ সময় নব নির্বাচিত কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ (লালু), উপজেলা মহিলা ভা্ইস চেয়ারম্যান রওশন আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।
কুমারখালি থানা প্রশাসনের প্রস্তুতি সভা
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা কুমারখালি থানা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শনিবার। আগামী ৪ মে কুষ্টিয়া স্টেডিয়ামে জঙ্গিবাদ, সন্তাস ও মাদক বিরোধী মহাসমাবেশ সফলের লক্ষ্যে শনিবার থানা চত্বরে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আটঘরিয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা আটঘরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শনিবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের উদ্বোধন করেন আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা সুলতানা প্রমুখ। কার্ড বিতরণ ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ জুন পর্যন্ত।
কালীগঞ্জ বিওজেএ’র নতুন কমিটি
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা কালীগঞ্জে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) কমিটি গঠন করা হয়েছে শনিবার। অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের স্বার্থ সংরক্ষণ ও পেশার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এ কমিটিতে জাগো নিউজের আব্দুর রহমান আরমানকে সভাপতি ও রাইজিংবিডির রফিক সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের কালীগঞ্জ উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিজয়নগরে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় শনিবার। উপজেলা মরিয়ম মেমোরিয়াল স্কুল মাঠে অ্যাসোসিয়েশনের সভাপতি মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. তানভীর ভুঁইয়া। অনুষ্ঠানে ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
০
