গাজীপুরের কাপাসিয়া উপজেলা ভূমি অফিসের অনিয়ম, অব্যবস্থাপনা ও তদারকির অভাবের কারণে উপজেলার বিভিন্ন হাট-বাজারের চান্দিনা ভিটি দখল করে অবৈধ ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে।
জানা যায়, সম্প্রতি উপজেলার কাপাসিয়া টোক ও আড়াল বাজারে প্রভাবশালী ব্যক্তিরা বাজারের ভিতরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছে। স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার টোক বাজারে গিয়ে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের (কাচারি বাড়ির) জায়গা, কাচারি বাড়ির পাশের গরুর হাটের জন্য নির্ধারিত জায়গা ও বাজার পেরিফেরির অন্তর্ভুক্ত জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ১৫/২০টি আধা পাকা ইটের ঘর নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উক্ত বাজারের অধিকাংশ জমি অবৈধ দখলে চলে গেছে। এছাড়া উপজেলার আড়াল বাজার ও কাপাসিয়া বাজারে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে। দখলদারদের দাবি, তাদের জমি লিজ দেয়ার জন্য উপজেলা ভূমি অফিস থেকে গাজীপুর জেলা প্রশাসনে প্রস্তাব পাঠানো হয়েছে। লিজ পাওয়ার আগে দখল করেছেন কেন জানতে চাইলে তারা বলেন, ভূমি অফিসে খোঁজ নেন। এ ব্যাপারে গতকাল রবিবার কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জানা মতে চান্দিনা ভিটির পুরনো লিজ নবায়ন চলছে, নতুন লিজের কোন প্রস্তাব আসেনি।
