দলীয় মনোনয়ন পেতে সুনামগঞ্জের ৫টি আসনের সম্ভাব্য প্রবাসী প্রার্থীরা দেশে আসতে শুরু করেছেন। চালাচ্ছেন গণসংযোগ ও প্রচারণা। তবে বছরের পর বছর দেশে না থেকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন লাভের জন্য প্রচারণা চালানোয় ক্ষুব্ধ নেতা-কর্মীদের একাংশ।
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে এবার প্রায় এক ডজন প্রবাসী দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে পোস্টার, লিফলেট, ব্যানার আর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণায় নেমেছেন।
প্রকাশ, সুনামগঞ্জ-১(তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে বিএনপি’র হামিদুল হক আফিন্দি লিটন, সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে ইসলামী ঐক্যজোটের মাওলানা শুয়েব আহমদ, সুনামগঞ্জ-৩(দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে সৌদি আরব বিএনপি নেতা জসিম উদ্দিন শামীম, লন্ডন বিএনপি নেতা আনোয়ার হোসেন, আওয়ামী লীগের হরমুজ আলী, সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের আইয়ুব করম আলী, জাপার জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন পেতে জোর তত্পরতা শুরু করেছেন।
তবে বছরের পর বছর দেশে না থেকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন লাভের জন্য প্রচারণা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। তাদের মতে, সারা বছর রাজপথের আন্দোলন সংগ্রামে প্রবাসীদের পাওয়া যায় না। পকেটের টাকা খরচ করে দলীয় কার্যক্রম চালাতে হয়। সরকারি দলের জেল-জুলুমের শিকার হতে হয়। কিন্তু নির্বাচন এলে টাকা পয়সা দেদারসে খরচ করে মনোনয়ন লাভের চেষ্টা করেন এসব নেতা। এতে দলে বিশৃঙ্খলা দেখা দেয়।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, প্রবাসে দলীয় নেতাদের অবদান অস্বীকার করার উপায় নেই। তবে নেতা-কর্মীদের দুঃসময়ে পাশে না থেকে নির্বাচনের সময় দেশে এসে মনোনয়ন দাবি করাটা দুঃখজনক। তাদের কারণে দলে বিশৃঙ্খলা দেখা দেয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম নাঈম বলেন, তৃণমূল নেতা-কর্মীদের পাশ কাটিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায় না। প্রবাসীদের অবশ্যই তাদের সাথে নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালাতে হবে। টাকা পয়সা খরচ করে নির্বাচনে মনোনয়ন পাওয়া যায় না।
