মগবাজার রেলক্রসিংয়ে গ্রিল-ওয়ার্কশপের দোকান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২১:০৬
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে কমলাপুর-মালিবাগ-মগবাজার-তেজগাঁও হয়ে। ফলে সারাক্ষণ রেললাইনটি ব্যস্ত থাকে। রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার লোক হেঁটে যাতায়াত করে। ট্রেন চলাচলের সময় রেলপথের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা গ্রিল ও ওয়ার্কশপের হাতুড়ি, ওয়েল্ডিং ও গ্রেন্ডিং মেশিনের শব্দে পথচারীরা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক সময় তারা ট্রেনের বাজানো সাইরেনের শব্দ শুনতে পায় না। ফলে বড় ধরনের দুর্ঘটনাসহ ট্রেনের নিচে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে। মগবাজার রেলক্রসিং থেকে শুরু করে মালিবাগ রেলক্রসিংয়ের পাশ ঘেঁষে উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক গ্রিল ও ওয়ার্কশপের দোকানসহ অন্য দোকান বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. লিটন গাজী, দক্ষিণ টেংরা, সারুলিয়া, ডেমরা, ঢাকা ১২০৫।