টস হেরেও...মুশফিকুর রহিমের টসভাগ্য রীতিমতো আলোচনার ব্যাপার হয়ে ওঠে। এই সিরিজের প্রথম ওয়ানডেতেও টস জিতেছিলেন। কিন্তু গতকাল হেরে ব্যাটিং করতে হল। শেষ পর্যন্ত সেই টস হার শাপে বর হয়ে গেল। টসে হেরেও ম্যাচে জিতলেন মুশফিকুর। তাতেই এক দর্শকের মন্তব্য, ‘টস নয়, আমরা ম্যাচ জিতলেই খুশি।’
টিকিটের হাহাকার
শুক্রবারের জয় রূপসা পাড়ের দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলো দ্বিগুণ। সেই সাথে দর্শকদের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিটের চাহিদাও ছিলো প্রথম ম্যাচের তুলনায় অনেক বেশি। শনিবার সকাল থেকেই বহু দর্শক টিকিটের খোঁজে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে ক্রীড়া সংগঠকদের কাছে ধর্ণা দিয়েছে। অনেকে সাংবাদিক ও ব্যাংকারদের কাছে গিয়েও একটি টিকিটের জন্য পীড়াপীড়ি করেছে।
পুলিশের কাণ্ড
ওয়ানডে ম্যাচের টিকিট না কেটেই গতকাল খেলা দেখেছেন পুলিশ সদস্যদের অনেক আত্মীয়-স্বজন। নিজেদের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন গেট দিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনদেরও স্টেডিয়ামে ঢুকিয়ে খেলা দেখিয়েছেন। টিকিট না কাটা পুলিশের ওইসব আত্মীয়-স্বজনকে গ্যালারীর ভালো ভালো সিটে বসানো হয়েছিল। এতে টিকিট কেটে আসা বহু দর্শককে সিট না পেয়ে দাঁড়িয়ে থেকে খেলা দেখতে হয়েছে। আবার অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কম বয়সী দর্শকদের কাছ থেকে টিকিট কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলা সোয়া ১১টার দিকে স্টেডিয়ামের ১০ নম্বর গেট দিয়ে প্রবেশের সময় আল-আমিন ও সাগর নামে দুই জন ক্ষুদে দর্শক গ্যালারীতে প্রবেশ করার সময় একজন পুলিশ সদস্য ভয় দেখিয়ে তাদের টিকিট কেড়ে নেয়।
