বরিশালে শিক্ষককে জুতার মালা

ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২২:০৬
আদালত অবমাননার অভিযোগে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজিসহ তিন কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়। বরিশালের উজিরপুরে এক শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। তলবকৃত অপর দুই কর্মকর্তা হচ্ছেন, বরিশালের জেলা পুলিশ সুপার ও উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। প্রসঙ্গত গত ২১ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় ‘চাকরি দিতে অনিয়ম না করার জের : বরিশালে শিক্ষককে মেরে জুতার মালা পরিয়ে দিল আ.লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। রিটের শুনানি শেষে গত ৩১ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি ঐ থানার ওসি, ঘটনার মূল হোতা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন পাণ্ডেসহ তিনজনকে তলব করে। কিন্তু ওই আওয়ামী লীগ নেতা লিটন পাণ্ডে আদালতে হাজির হননি। সর্বশেষ ২১ নভেম্বর পাণ্ডের আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করতে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল জেলা পুলিশ সুপার ও উজিরপুর থানার ওসিকে বলা হয়। কিন্তু গতকাল ওসি হলফনামা দিয়ে বলেছে, লিটন পাণ্ডে ভারতে পালিয়ে গেছে। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন। রিটকারীর পক্ষে এডভোকেট মনজিল মোরসেদ ও পুলিশের পক্ষে এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আলামিন সরকার শুনানি করেন।