বাগেরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

আপডেট : ০২ ডিসেম্বর ২০১২, ২২:০৭
বাগেরহাটের মোল্লাহাটে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জনসভা শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও গোপালগঞ্জের পৌর মেয়র রাজু’র গাড়িও ভাংচুর করেছে উচ্ছৃঙ্খল কর্মীরা। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৌরভ মোল্লা ও তার ভাই টিকলু মোল্লাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনার পর থানা পুলিশ আওয়ামী লীগ অফিসসহ এলাকায় টহল জোরদার করেছে। তবে এ ঘটনার জন্য উভয় গ্রুপ একে অপরকে দায়ী করেছে। মোল্লাহাট থানার ওসি এএসএম. খায়রুল আনাম জানান, মারামারির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আওয়ামী লীগ অফিস ও আশপাশের এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়।