একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বছরটা বাংলাদেশের অসাধারণ যাচ্ছে। কতোটা অসাধারণ, সেটা পরিসংখ্যানে চোখ বোলালেই বোঝা যাবে। হিসেব বলছে, চলতি বছরে বাংলাদেশ সাফল্যের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সেরা ওয়ানডে দল!
বাংলাদেশের বছরটা শুরু হয়েছিল এশিয়া কাপ দিয়ে। সেখানে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কাকে পরপর দুই ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছিল। ফাইনালে ২ রানে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল। এ বছর গতকাল পর্যন্ত ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৪টি জয় ও ২টি পরাজয়। এই ৪টি জয়ই বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে উপরে থাকা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে।
বাংলাদেশের সাফল্যে এ বছরে সাফল্যের হার এখন পর্যন্ত ৬৬.৬৬ শতাংশ। একই হার আছে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার। ৮৫.৭১ শতাংশ জয় নিয়ে বছরের এখন পর্যন্ত সফলতম দল ইংল্যান্ড; তারা ১৫টি ওয়ানডে খেলে ১২টিতে জয় পেয়েছে। এ ছাড়া আর কোনো টেস্ট খেলুড়ে দেশের এ বছরে শতকরা ৫০ ভাগের উপরে সাফল্য নেই।
