শেয়ারবাজারে আবারও দরপতন লেনদেন ১৬৯ কোটি টাকা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩২
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচকের বড় উল্লম্ফন দেখা দিলেও চলতি সপ্তাহে তা বজায় থাকেনি। চলতি সপ্তাহের প্রথমদিন রবিবার দরপতনের পর গতকাল সোমবার আবারও বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। লেনদেন হয়েছে কম। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৬৯ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাবের পাশাপাশি তারল্য সঙ্কটের কারণে লেনদেন কমে গেছে। এ অবস্থায় শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে আস্থার অভাব কাটাতে নীতি নির্ধারকদেরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে ৩ হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৪টি কোমপানির ৪ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ১৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৮৯৪ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪২ কোটি ৬৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের।