বিনিয়োগে আকৃষ্ট করা, ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন এবং বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে শক্তিশালী করতে দুইদিন ব্যাপী এক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ক্যাটালিস্ট ও বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে আয়োজন করেছে। ‘পজিশনিং বাংলাদেশ; ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক এ কনফারেন্স আগামী ৫ ও ৬ ডিসেম্বর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে। গতকাল ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ডিসিসিআই’র সভাপতি আসিফ ইব্রাহিম। এসময় কনফারেনন্সের সহযোগী আয়োজকদের মধ্যে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ক্যাটালিস্টের যোগাযোগ পরিচালক ফরিদা হুসেইনসহ ডিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারী নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক অঙ্গনের ব্র্যান্ড বিশেষজ্ঞসহ প্রায় পাঁচ শতাধিক দেশি-বিদেশি অতিথি কনফারেন্সে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ২৩ জন বিদেশি বক্তাসহ মোট ৬০ জন বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তি তাদের বক্তব্য তুলে ধরবেন। ৬টি সেশনে বক্তারা আলোচনা করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম সামপ্রতিক সময়ে দেশের তৈরি পোশাক শিল্পে আগুনের ঘটনায় শতাধিক মৃত্যুর বিষয়কে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে ধরনের ব্যবস্থা নিতে হবে।
