ঝিনাইদহে নষ্ট হচ্ছে ২৫টি গাড়ি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:০৭
ঝিনাইদহে বিভিন্ন মামলায় আলামত হিসাবে জব্দকৃত ২১টি গাড়ি দীর্ঘদিন থানা ও কালেক্টরেট ভবন চত্বরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। এসব গাড়ির মূল্য ৫০ লাখ টাকার বেশি হবে। ইতিমধ্যে বেশ কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে। মহেশপুর থানা চত্বরে ৭টি প্রাইভেট কার দীর্ঘদিন ধরে পড়ে আছে। চোরাচালানের মাল পরিবহনকালে এসব গাড়ি পুলিশের হাতে আটক হয়। গাড়িগুলো জঙ্গলে ঢাকা পড়েছে। ইতিমধ্যে নষ্টও হয়ে গেছে। ঝিনাইদহ কালেক্টরেট ভবনের অভ্যন্তরে মামলার আলামত হিসাবে জব্দ করা ৬টি কার মাইক্রো দীর্ঘদিন পড়ে আছে। এগুলোও নষ্ট হয়ে গেছে। শৈলকুপা থানা চত্বরে ২টি প্রাইভেট কার পড়ে থেকে নষ্ট হচ্ছে। ঝিনাইদহ থানা চত্বরে পড়ে আছে ৫টি গাড়ি। কালীগঞ্জ থানা চত্বরে পড়ে আছে ৩টি গাড়ি। ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, গাড়িগুলোর ব্যাপারে পুলিশের কিছু করণীয় নেই। এটা আদালতের এখতিয়ার।