চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা নওয়াপাড়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে, গত রবিবার রাতে উপজেলার বুইকারা গ্রামে নওয়াপাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী দেবাশীষ ভদ্রের বাড়িতে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, নওয়াপাড়ার স্বর্ণ ব্যবসায়ী ভদ্র জুয়েলার্সের মালিক দেবাশীষ ভদ্রের নিকট ০১৯২৯-৮৭৭২৬৮ মোবাইল নম্বর থেকে নিষিদ্ধ ঘোষিত পার্টির নেতা রাজিব পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাবত্ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু দেবাশীষ ভদ্র চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা গত রবিবার রাতে তার বাড়িতে বোমা হামলা চালায়। বোমাটি তার বাড়ির বারান্দার গ্রীলে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করলেও বোমা হামলার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
