নওগাঁর মহাদেবপুরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ইটভাটায় সন্ত্রাসী হামলায় ৬ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রওশন জামিল সুইচ ডিমজাউন গ্রামের জাহাঙ্গীর আলম ও আহসান হাবিবের কাছ থেকে জমি কিনে একটি ইটভাটা স্থাপন করেন। চলতি বছর ইটভাটা চালু করতে গেলে জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, উজ্জল, খাইরুল ইসলাম, জালাল, আক্কাস, জিল্লুর, লতিফুর, সালাম, মোবারক, ইসমাইল ও রুস্তম আলীসহ কয়েকজন সুইচের নিকট ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করলে শনিবার রাতে পুলিশ জালাল নামের এক আসামিকে গ্রেফতার করে। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে অপর আসামিরা ইটভাটায় সন্ত্রাসী হামলা চালায়। এ হামলায় ইটভাটার মালিক রওশন জামিল সুইচ, তার ছোট ভাই রায়হান জামিল বিদ্যুত্, কর্মচারী ইসলাম, ইমদাদুল হক, বাসার ও আকবর আলী আহত হন।
