গাংনীর পল্লীতে বোমা বিস্ফোরণ
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রচন্ড শব্দে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে । গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্পের পুলিশ জানান, রাতে ওই স্থানে প্রচন্ড শব্দে বোমা বিস্ফোরণ হলে, এলাকার মানুষ আতঙ্কিত হয়ে উঠে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।
মেহেরপুরে হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ
মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষণ শুরু করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ৩০ জন নারী-পুরুষ শাক-সবজি চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রবিবার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে স্থানীয় উজ্জীবকবৃন্দ ও নারী নেত্রীদের আয়োজনে ৩ দিনের প্রশিক্ষণ শুরু করা হয় ।
শাবি প্রেসক্লাবের আহবায়ক কমিটি
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি \ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আবু তাহের টোটনকে (জনকণ্ঠ) আহবায়ক ও কাজী রাকিনকে (নয়া দিগন্ত) সদস্য সচিব মনোনীত করে নতুন আহবায়ক কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপু।
ধুনটে আওয়ামী লীগের সম্মেলন
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া ধুনটে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। রবিবার কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজনু। কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুরফিকার মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।
হাজীগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জ উপজেলা ও শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি চলছে। রবিবার উপজেলা ও শহর আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৮ থেকে ২২ ডিসেম্বর ও শহর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৫ থেকে ১২ জানুয়ারি যে কোন দিন অনুষ্ঠিত হবে।
ছাগলনাইয়ায় ডাকাত গ্রেফতার
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলার ডাকাত সর্দার মোস্তফার দলের ২ জন ডাকাত নূর করিম (২০) ও জহির উদ্দিনকে (২৮) রবিবার মুহুরীগঞ্জ থেকে পুলিশ আটক করেছে। ওসি আমিনুল ইসলাম বলেন, ডাকাত মোস্তফার দলের মোট ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুরে স্মরণসভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার ১২তম মূত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার এ উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। পরে জামে মসজিদে দোয়া মাহফিল হয়।
পাংশায় বখাটের কারাদন্ড
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রবিবার রাজবাড়ীর পাংশা পৌরসভাধীন কাজী আব্দুল মাজেদ একাডেমির সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শরিফুল ইসলাম (১৮) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত শরিফুল পৌরসভায় মাগুড়াডাঙ্গী গ্রামের মৃত মনিরুদ্দিন শেখের ছেলে।
তালায় কৃষকদের মাঝে বীজ বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালায় ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও) কর্তৃক বোরো ধান ও বসতবাড়ির আঙ্গীনায় সবজি চাষে কৃষক-কৃষাণীদের মধ্যে বীজ এবং ফলের চারা বিতরণ রবিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
কুড়িগ্রামে আওয়ামী লীগের গণমিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল-সমাবেশ হয়েছে। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর সমন্বয়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালকিনিতে যুবদলের সম্মেলন
কালকিনি (মাদারীপুর ) প্রতিনিধি \ মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার কাশিমপুর বাজার মাঠে কয়েক হাজার নেতা কর্মীদের নিয়ে ব্যাপক জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোকা বেপারীর সভাপতিতে অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর যুবদলের সভাপতি মেহেদী হাসান মামুন।
নোয়াখালীতে মত্স্য সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ
নোয়াখালী প্রতিনিধি \ দেশের মত্স্য শিল্পের উন্নয়ন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্যাদির বর্জন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মত্স্য সম্পদ খাতে গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস বাস্তবায়নে নোয়াখালী জেলার ৯টি উপজেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন, জেলা মত্স্য অধিদপ্তর, বাংলাদেশ এ্যাকোয়াকালচার এ্যালাইয়ান্স। প্রশিক্ষণের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।
শিবগঞ্জে হুইল চেয়ার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ গতকাল রবিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ জেড এম শারজিল হাসান ব্যক্তিগতভাবে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করেন। প্রতিবন্ধী শিশু ডলার একই উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আবুল কালামের ছেলে।
কাউনিয়ায় ইউএনওকে সংবর্ধনা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ গতকাল রবিবার রংপুরের কাউনিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার রেলগেট হলদীবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা কমান্ডার সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা পারভীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার শিউলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জে চক্ষু রোগীদের ছানি অপারেশন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার থেকে ২দিনব্যাপী চক্ষু রোগীদের ছানি অপারেশন শুরু হয়েছে। জাতীয় অন্ধকল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় আকিজ গ্রুপের সহযোগিতায় ও আদদ্বীন চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় জেলার শতাধিক গরীব চক্ষু রোগীর ছানি অপারেশন করা হচ্ছে।
ভূঞাপুরে প্রতিবন্ধীদের মাঝে টাকা বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভূঞাপুরে বিভিন্ন এনজিওদের উদ্যোগে সোমবার ৪০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি ও নগদ টাকা প্রদান করা হয়। একটি র্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসিন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোঃ শামছুল হক তালুকদার ছানু।
শ্যামগঞ্জে অগ্নিকান্ডে চার দোকান ভস্মীভূত
গৌরীপুর সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর ও পূর্বধলা উপজেলার মধ্যবর্তী শ্যামগঞ্জ বাজারে শনিবার রাতে এক অগ্নিকান্ডে ৪টি দোকানের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। নেত্রকোনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রানিনগরে তিন মাদক ব্যবসায়ী আটক
রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিনগরে শনিবার রাতে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রানিনগর থানা পুলিশ। রানিনগর থানার পুলিশ জানায় উপজেলার রাজাপুর গ্রামের ইউসুফ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে সোহাগ মন্ডল (২৬), উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের রমজান আলীর ছেলে জহুরুল ইসলাম ( ২২) ও চাপাইনবাবগঞ্জ এলাকার সূর্য নারায়ণ গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৩৫)কে ২ লিটার চোয়ানী ও ২০ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করেছে। এ বিষয়ে রানিনগর থানায় একটি মামলা করা হয়েছে।
কুলিয়ারচরে আর্সেনিক বিষয়ক কর্মশালা
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় উপজেলার সকল কর্মকর্তা, ইউ.পি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন ডাঃ মামুনুর রশীদ, ডাঃ সৈয়দ আবু ওবায়দা, ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা নাছিমা, মশিউর রহমান, চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
মাদকসেবীর ৬ মাস, ব্যবসায়ির দুই বছর জেল
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ রাজৈরে ভ্রাম্যমাণ আদালত সোমবার মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে। রাজৈর উপজেলার বৌল গ্রামের শাহ আলমের পুত্র শাহিন দীর্ঘদিন যাবত্ বিভিন্ন ধরনের মাদক ব্যবহার করে আসছিল। মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে ছোটখাট অপরাধে জড়িয়ে পড়ে। পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার হায়াত-উদ-দৌলা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শাহিনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। একই আদালত রবিবার ইয়াবা ব্যবসায়ী লিটন ফকিরকে (৩৫) ২ বছরের কারাদণ্ড প্রদান করে। সূত্র জানায়, লিটন মাদারীপুর সদর থানার রায়েরকান্দি শ্রীনদী গ্রামের মৃত কামাল ফকিরের ছেলে।
ফুলছড়িতে স্থানীয় সম্পদ ব্যবহারে সভা
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা\ ফুলছড়িতে স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দরিদ্র কৃষকদের স্বাভাবিক জীবনযাপনের উপায় শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে আন্ধেরি হিলফে বন জার্মানীর সহায়তায় অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী-উল-সহিদ। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শুক্কুর আলী ফিরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাখিয়া পারভিন সাকী, উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান প্রমুখ।
সুন্দরগঞ্জে স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠান হয়। ১ ডিসেম্বর উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রে জয়ন্ত কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহ্সান হাবিব।
হরিণাকুণ্ডু থেকে বোমা উদ্ধার
হরিণাকুণ্ডু সংবাদদাতা \ ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে ৬টি তাজা বোমা ও ৩টি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার হরিণাকুণ্ডু উপজেলার দখলপুর গ্রামের খালের পাড় থেকে পুলিশ এসব বোমা উদ্ধার করে।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, জিকে খালের পাড়ে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের আগমন টের পেয়ে সন্ত্রাসীরা বোমা ও হাঁসুয়া রেখে পালিয়ে যায়।
হোসেনপুরে আর্সেনিক বিষয়ে ওয়ার্কশপ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর অবহিতকরণ ওয়ার্কশপ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, ডা. সোহেল, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
