রবিবার রাতে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্ত থেকে ৩ জন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। অপর ব্যবসায়ী মনির হোসেনকে (৩০) বেয়নেটের খোঁচায় আহত করেছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার রাতে লড়াইঘাট সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের ৫ আর সাব পিলার পার হয়ে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের কইবত্তো কুমারের ছেলে ওমল কুণ্ডু (৩০), লড়াইঘাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩০), শ্যামকুড় গ্রামের আফছার আলীর ছেলে ভুট্টো (২৪) এবং অনন্তপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মনির হোসেন (২৮) গরু আনতে যায়। এ সময় ভারতীয় বিএসএফের ১৭৩ ব্যাটেলিয়নের ফতেপুর ক্যাম্পের টহল দল তাদের ধরে ফেলে। টহল বিএসএফের বেয়নেটের খোঁচায় মনির হোসেন আহত হয়ে বিএসএফের হাত থেকে পালিয়ে আসে এবং বাকি ৩ জনকে ধরে নিয়ে যায়। তাদের ভারতের ফতেপুর ক্যাম্পে রাখা হয়েছে। এ বিষয়ে কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান, বিএসএফের কাছে তাদের ফেরত চেয়ে প্রতিবাদ জানিয়ে পত্র পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পত্রের কোন উত্তর পাওয়া যায়নি।
