সোনারগাঁওয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৯
সোনারগাঁওয়ে হঠাত্ বেড়ে গেছে চুরি, ডাকাতি, খুন ও ছাত্রী উত্ত্যক্তের ঘটনা। সম্প্রতি বখাটে যুবক শামিম কর্তৃক শ্লীলতাহানির অমপান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় মেধাবী কলেজ ছাত্রী ফারহানা ইসলাম রিমি। স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং চুরি, ডাকাতি ও খুনের ঘটনায় উপজেলার সাধারণ মানুষ ও অভিভাবক মহলে আতংক বিরাজ করছে। বখাটে শামিমকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্থানীয় সাংসদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ, নাগরিক কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও অনশন কর্মসূচী অব্যাহত রেখেছে। এদিকে গত এক মাসের ব্যবধানে সিন্হা গ্রুপের ছুইয়িং সেক্টরের অপারেটর আফিয়া বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকা থেকে একটি ট্রান্সমিটার চুরি হয়। সোনারগাঁও থানা থেকে ১৫০ গজের ভিতর দত্তপাড়া গ্রামে যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব দেলোয়ার হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। মালামাল লুট এবং ডাকাতের অস্ত্রের আঘাতে দেলোয়ার হোসেনের পিতা হাজি মো. সামসুদ্দিন চিকিত্সাধীন অবস্থায় গত ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। উপজেলার কাঁচপুর এলাকায় গত ১ ডিসেম্বর রাতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। চুরি, ডাকাতি প্রতিরোধ ও বখাটে শামিম ও চোর-ডাকাতদের গ্রেফতার করতে না পারায় সোনারগাঁও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক হয়ে পড়েছে বলে মনে করছেন অভিভাবক মহল ও উপজেলার সুশীল সমাজের লোকজন। সোনারগাঁওয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন। এলাকায় চুরি-ডাকাতির মূল আসামিদের গ্রেফতার করতে না পেরে পুলিশ এলাকার কিছু বখাটে ছেলেদের গ্রেফতার করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, চুরি-ডাকাতি বন্ধ করতে পুলিশ ডিউটি আরো জোরদার করা হয়েছে।