জাতীয় পার্টির (এ) সমর্থন চাননি ঝন্টু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৬
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু আকস্মিকভাবে জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মসিউর রহমান রাঙ্গার বাসভবনে যাওয়ায় রংপুরে চমক সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির (এ) নেতৃবৃন্দ দাবি করেছেন, ঝন্টু জাপার (এ) সমর্থন নেয়ার জন্য গিয়েছিলেন। তিনি গত শনিবার রাঙ্গার বাসায় যান। তবে শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, আমি জাতীয় পার্টির (এ) সমর্থন চাইনি। আমাকে যে কোন দল সমর্থন দিতে পারে। আমি কোন দলের প্রার্থী নই। আমি রংপুরের জনগণ ও নাগরিকের পক্ষ থেকে ভোট করছি। যদি আমাকে কেউ কোন সমর্থন দেয় তাতে আমার কোন আপত্তি নেই। গত রবিবার রংপুর চেম্বার মিলনায়তনে মহানগর নাগরিক কমিটির সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঝন্টু নিজেকে নির্দলীয় প্রার্থী হিসেবে দাবি করে বলেন, আমি কোন দলের সমর্থন চাইনি। মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার বাড়ি এবং আমার বাড়ি একই এলাকায়। আমি শনিবার রাঙ্গার বাড়িতে গিয়ে বলেছি, তুমি আমার ছোট ভাইয়ের মত। যেহেতু তুমি ভোট করছো না, তোমার লোকজনকে আমাকে ভোট দিতে বলবে। এটা ছিল নির্বাচনী প্রচারণার অংশ। আমি কোন দলের সমর্থন চাইনি। তবে মহানগর নাগরিক কমিটি আমাকে সমর্থন করেছে। মহানগর নাগরিক কমিটির আহবায়ক ও রংপুর চেম্বারের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবলু জানান, তাদের নাগরিক কমিটিতে সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রয়েছে। দলমতের বাইরে কেউ মেয়র নির্বাচিত হলে উন্নতি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে যোগ্যতর নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তারা প্রধান সড়ক ৪ লেন করার কাজ দ্রুত সম্পন্ন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন।