গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক স্থান থেকে ৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে দু’টি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ি পুলিশ গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করে। এদের মধ্যে ওই গ্রামের সাদেক মিয়ার পুত্র আসাদুল্লাহর (১৮) পরিচয় পাওয়া গেলেও অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী জানায়, নিহতরা নৌডাকাতির সাথে জড়িত। ডাকাতির মালামালের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে তারা খুন হয়ে থাকতে পারেন। অরুয়াইল ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ উদ্দিন জানান, নিহতদের বাম পাঁজরে গুলির চিহ্ন রয়েছে। এদিকে উপজেলার নরসিংপুর গ্রাম থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ জানায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চক্রবর্তী জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
