দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিস পাঠিয়েছে গণফোরাম। কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিস প্রাপ্তির ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তবে মোকাব্বির খান গতকাল শনিবার ইত্তেফাককে বলেন, ‘আমি কোনো নোটিস পাইনি।’ গণফোরামের কেন্দ্রীয় নেতা মোশতাক আহমেদ ইত্তেফাককে জানান, নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেটে মোকাব্বির খানের যে ঠিকানা (গ্রামের ঠিকানা) উল্লেখ করা হয়েছে, সেই ঠিকানায় ডাকযোগে কারণ দর্শানো নোটিসটি পাঠানো হয়েছে। গণফোরাম থেকে প্রাপ্ত কারণ দর্শানো নোটিসে দেখা যায়, নোটিসে স্বাক্ষরকারী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর স্বাক্ষরের নিচে তারিখ লেখা আছে ২০ এপ্রিল। নোটিসে দলের সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খানের উদ্দেশে লেখা হয়েছে, ‘গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় কারো শপথ না নেওয়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত এখনও বহাল আছে। কিন্তু গত ২ এপ্রিল আপনি শপথ নিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও পার্টির গঠনতন্ত্র বিরোধী। আপনি বিভিন্ন মিডিয়াতে বলেছেন, দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মতে এবং সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে আলাপ করে উনার অনুমতি নিয়ে আপনি শপথ নিয়েছেন, যা সম্পূর্ণরূপে অসত্য। তদুপরি আপনি সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া গণফোরামের প্যাড ব্যবহার করে নিজেই স্বাক্ষর দিয়ে ১ এপ্রিল স্পিকারের কাছে দলীয় সিদ্ধান্ত মোতাবেক শপথ নেবার কথা জানিয়েছেন, যা সম্পূর্ণ সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী।’
