জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েও পাতানো নির্বাচন করতে চায়, যা জাতিকে নতুন করে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকটে ফেলে দেবে।
তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের ধারক ও বাহক আওয়ামী জোট সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ উপেক্ষা করে সংবিধানের ১৫তম সংশোধনী এনেছে, যা জাতির জন্য চরম আত্মঘাতী। তারা নিজেরাই সংবিধানকে অকার্যকর করে ফেলেছে। রাষ্ট্র গঠনে বিদ্যমান সংবিধানের কোন দিক নির্দেশনা নেই। গতকাল সোমবার নোয়াখালী টাউন হলে সদর উপজেলা জেএসডির সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা জেএসডির এডভোকেট কাউছার নিয়াজী, নুর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ উল্যা, মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
