জামায়াত নেতা মজিবুরের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪২
জামায়াতে ইসলামী কেন্দ ীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের হুমকি ও মানহানির অভিযোগ পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ এ আদেশ দেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতির পরিচয় দিয়ে এ বি সিদ্দিকী নামের এক ব্যক্তি গতকাল আদালতে হাজির হয়ে অধ্যাপক মজিবুরের বিরুদ্ধে এ অভিযোগ করেন। বাদীর অভিযোগে বলা হয়, গত ২৮ নভেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ ীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসভায় অধ্যাপক মো. মজিবুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবনাবসান পর্যন্ত হতে পারে। পরেরদিন কয়েকটি সংবাদপত্রে তার এই বক্তব্য প্রকাশিত হয়। বাদী অভিযোগ করেন, আসামি তার এমন বক্তব্যে প্রধানমন্ত্রীর জীবনাশঙ্কার হুমকি দিয়েছেন ও এতে জননেত্রীর মানহানি ঘটেছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. খলিলুর রহমান ও আবুল কালাম আজাদ।