২২ দিন মৃত্যুর সাথে যুদ্ধের পর এসিড হামলার শিকার ফারজানা গতকাল সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। দাউদকান্দি উপজেলার সোনাকান্দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী সোনাকান্দা গ্রামের জালালউদ্দীনের কন্যা ফারজানার ওপর ১১ নভেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় সন্ত্রাসীরা ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে ফারজানাসহ ৩ জন মারাত্মকভাবে আহত হয়। ফারজানাকে ঢাকায় আনা হয় চিকিত্সার জন্য। কিন্তু দিন দিন তার অবস্থার অবনতি ঘটে। ঘটনার পর ৫ ব্যক্তিকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করা হয়। পুলিশ ৩ জনকে গ্রেফতার করলেও মূল আসামি জামালকান্দি গ্রামের কালু মিয়ার পুত্র সাদ্দাম হোসেনকে ধরতে পারেনি। এ ঘটনার বিচার এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মতলব-ঢাকা সড়কে সোনাকান্দা মাদ্রাসা এলাকাবাসী মানববন্ধন করে।
