কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে গতকাল সোমবার দুপুরে সারোয়ার আলম পলাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশুসূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলা সদরের ইউনিয়ন কার্যালয়ের সামনে দুপুরে আওয়ামী লীগ সমর্থক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলাশ গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। নিহত পলাশ ভাইস চেয়ারম্যান রেজাউল গ্রুপের বলে স্থানীয়সূত্রে জানা যায়। সংঘর্ষের সময় ৩/৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। ওই সংঘর্ষের ঘটনায় বুড়িচং সদরের দোকানপাটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পুলিশ ও র্যাব আইন-শৃঙ্খলা অবনতির আশংকায় ঘটনাস্থলে টহল জোরদার করেছে।
