‘জামায়াত ছাড়ুন’-বিএনপির প্রতি প্রধানমন্ত্রীর এই আহবানের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে রাজনীতি করি না। আমরা আমাদের রাজনীতি করি। ‘ডিসেম্বর মাসে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য বিএনপি কর্মসূচি দিয়েছে’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তিনি হয়তো ভুলে গেছেন এই ডিসেম্বর মাসে তারা কত আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন। জামায়াতকে সাথে নিয়ে ডিসেম্বর মাসেই তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। এই মাসে আমরাও আমাদের দাবি আদায় করবো।
১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচি সফল করার জন্য জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেনি- স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সত্য নয়। জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কোন্ আইনে তাদের সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না।
এদিকে রাজধানীর পল্লবীতে থানা বিএনপির একটি নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠান গতকাল পুলিশ পণ্ড করে দেয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
