ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে শ্রমিক নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২২:২০
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে গতকাল সোমবার গণেশ (২৬) নামে এক বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় আরও ২ শ্রমিককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে গতকাল দুপুর পর্যন্ত আটক ২ শ্রমিকের বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর। বিজিবি দিনাজপুর সেক্টর সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের শরত্ চন্দ্রের ছেলে গণেশসহ ৩ জন বৈরচুনা সীমান্ত পিলার এলাকা দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের গৌরিপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গণেশ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিএসএফ’র গুলিতে গণেশ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আটক ২ জনের ব্যাপারে কিছু জানাতে পারেননি।