সারাদেশে হরতাল ডাকার পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। এ সময় দু’টি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাস দু’টির অল্প পুড়ে গেছে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভের সময় গত মাসে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সে সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছিল জামায়াত-শিবির কর্মীরা। একই দাবিতে গতকাল সমাবেশের কর্মসূচি ছিল জামায়াতের। পুলিশ অনুমতি না দেয়ায় তারা সমাবেশ করতে পারেনি। তবে সন্ধ্যার দিকে রাজধানীর বিভিন্নস্থানে তারা ঝটিকা মিছিল বের করে। কাওরান বাজারের যুবলীগ কর্মীরা কয়েকজন জামায়াত শিবির কর্মীকে ধরে পুলিশে দিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ ব্যাপক ধড়পাকড় করেছে। সন্ধ্যা পর্যন্ত প্রায় অর্ধশত গ্রেফতার হয়েছে।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম বলেন, সোমবার বিকালে যাত্রাবাড়ীর ফারুক সড়কে আকস্মিকভাবে জামায়াত-শিবির মিছিল বের করে। মিছিল থেকে গাড়ি ভাংচুর শুরু করে জামায়াত কর্মীরা। সেখানে অন্তত ১৫টি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন ধরানো হয়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতে ইসলামীর মিছিলের সময় রাজধানীতে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে পল্টন থানা,
কাওরান বাজার, যাত্রাবাড়ি ও মতিঝিল এলাকায় মিছিলের চেষ্টা চালানোর সময় তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদীে হাসান বলেন, বিকাল ৪টার দিকে জোনাকি সিনেমা হলের বিপরীত দিকের একটি গলিতে জামায়াত একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে।
এর আগে পল্টন থানার বিভিন্ন এলাকায় মিছিল বের করার চেষ্টার সময় সেখান থেকে জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয় বলে মেহেদী হাসান জানান। তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীরা মিছিলের নামে নাশকতা করে এবং পুলিশের উপর হামলা চালায়। নাশকতা এড়াতে জামায়াত নেতা-কর্মীদের আটক করা হয়েছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে সোমবার বিকাল তিনটায় জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। তবে পুলিশ সমাবেশ করতে অনুমতি না দেয়ায় শেষ পর্যন্ত তারা শুধু মিছিল করার সিদ্ধান্ত নেয়।
গতকাল বিকাল সোয়া ৪টার দিকে কাওরান বাজারে জনতা টাওয়ারের পাশ থেকে জামায়াত শিবিরের মিছিল বের হলে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখানে পুলিশের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদেরও অংশ নিতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জামায়াত-শিবিরের মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে যুবলীগের কর্মীরা কাওরান বাজারের বিভিন্ন আড়ত থেকে ১০/১২ জন জামায়াত-শিবির কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে। তেজগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধরেছে এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ছাত্রলীগ বা যুবলীগ নয়, সাদা পোশাকের পুলিশ তাদের আটক করেছে। পুলিশকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম গতকাল বলেছেন, তারা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করতে চান। কিন্তু পুলিশ তাদের রাস্তায় বের হতে দিচ্ছে না। এর আগে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছিলেন, অনুমতি না নেয়ায় সোমবার ঢাকাসহ দেশের কোথাও জামায়াতকে বেআইনি সমাবেশ করতে দেয়া হবে না।
চট্টগ্রামে কঠোর অবস্থানে পুলিশ
চট্টগ্রাম অফিস জানায়, জামায়াতে ইসলামী ডাকা আজকের হরতাল নিয়ে চট্টগ্রামে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। হরতালে যে কোন ধরনের ভাংচুর, মিছিল-সমাবেশ ও যানবাহনে বাধা প্রদানে পুলিশ কোন রকম ছাড় দেবে না। বিভিন্ন থানায় পুলিশের ফোর্সও বাড়ানো হয়েছে। এদিকে জামায়াত হরতাল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ প্রসঙ্গে সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার ইত্তেফাককে বলেন, ‘হরতালে যে কোন ধরনের নাশকতা কঠোর হস্তে দমন করা হবে। পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
গতকালও জামায়াত ঘোষিত বিক্ষোভ সমাবেশ উপলক্ষে নগর জুড়ে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু তার মধ্যেও জামায়াত বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে বলে জানা যায়। এ ব্যাপারে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘হরতালের সমর্থনে গতকাল নগরীর ২৯টি স্থানে আমরা সমাবেশ মিছিল করেছি। আমি নিজেই বাকলিয়ায় সমাবেশে বক্তব্য রেখেছি।
রাজশাহীতে মিছিল, গ্রেফতার ১১
রাজশাহী অফিস জানায়, কঠোর নিরাপত্তার মধ্যেও গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে মহানগর শাখা জামায়াতে ইসলামী নগরীর সাহেব বাজার মণিচত্ব্বর এলাকা থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় সোমবার সকাল থেকেই নগরীজুড়ে পুলিশী নিরাপত্তা জোরদার ছিল। নগর ও রেল ভবনসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, সাহেব বাজার, গৌরহাঙ্গা শহীদ কামারুজ্জামান চত্বর, শালবাগান, নওদাপাড়া, ভদ্রা, তালাইমারী, বিনোদপুর, কাটাখালী, মালোপাড়া, লক্ষ্মীপুর, কুমারপাড়া, কোর্ট, সিএণ্ডবি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। নগরীর প্রবেশপথে দিনভর মোটর সাইকেল যাত্রীদের তল্লাশি করা হয়।
সিলেটে সমাবেশে নিষেধাজ্ঞা, ব্যাপক ধরপাকড়
সিলেট অফিস জানায়, সিলেট মহানগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচির বিরুদ্ধে গতকাল প্রশাসন নিষেধাজ্ঞা জারি করায় তারা কোন কর্মসূচি পালন করতে পারেনি। সিলেটের প্রতিটি উপজেলা সদর ও পৌরশহরে জারি ছিল ১৪৪ ধারা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় ছিল পুলিশের নিষেধাজ্ঞা। এদিকে আজকের হরতালকে সামনে রেখে নাশকতার আশংকায় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ নগরী থেকে জামায়াত-শিবিরের ৮ জনকে আটক করেছে।
ফরিদপুরে শিবিরের মিছিল, আটক-৫
ফরিদপুর প্রতিনিধি জানান, সোমবার বিকালে ফরিদপুরের শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি মুজব সড়কের বাটা বাজারের সামনে থেকে ফায়ার সার্ভিস ষ্টেশন পর্যন্ত যাওয়া মাত্রই পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ৫ জনকে আটক করে পুলিশ।
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন আটক
সাতক্ষীরা প্রতিনিধি জানান, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মইন উদ্দিন ময়নাসহ ১৬ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরায় যুবলীগ পাল্টা সমাবেশ ডাকায় ও পুলিশের বাধার কারণে রাজ্জাক পার্কে পূর্ব নির্ধারিত জনসভা করতে পারেনি জামায়াত ইসলামী।
পীরগঞ্জ জামায়াতের আমীর গ্রেফতার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, রবিবার মধ্য রাতে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেমকে পুলিশ গ্রেফতার করেছে।
শেরপুরে মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ২
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে জামায়াতের মিছিলে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ আহত এবং এ সময় পুলিশ দুইজন জামায়াত কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিশিন্ধারা গ্রামের আলতাব হোসেন (৫০) ও শঠিবাড়ী গ্রামের ফরিদুল ইসলাম (৩৫)।
দেবীদ্বারে ৩ জামায়েত নেতা আটক
দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, ৩ জামায়াত নেতা আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার ফতেহাবাদ গ্রামে অভিযান চালিয়ে জাফরগঞ্জ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কামরুজ্জামান (৪৫), ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুল আলীম (৪০) ও ওই একই ইউনিয়নের জামায়াত’র সাথী মোঃ নজরুল ইসলামকে (৪০) আটক করে।
কসবায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত শিবির গতকাল বিকেলে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে জামায়াত শিবির ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহতদের স্থানীয় ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
নাজিরপুরে জামায়াত নেতা গ্রেফতার
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা জানান, উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের জামায়াত দলীয় সাবেক আমীর হাফেজ হারুন শেখকে (৬০) রবিবার রাতে তার নিজ বাড়ী ভীমকাঠী থেকে নাজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাকে জেলে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জে ১ শিবির কর্মী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে ইমরুল কায়েস (২০) নামে এক শিবিরকর্মীকে পুলিশ আটক করেছে। সে শহরের রহমতগঞ্জ মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। সোমবার সকালে শহরের জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্যামনগরে জামায়াত নেতা গ্রেফতার
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফারুক হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানান, রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
মিরসরাইয়ে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার
মিরসরাই সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার রেজাউল করিম ও শিবিরের মিরসরাই শহর শাখার অফিস সম্পাদক বেলায়েত হোসেন।
আখাউড়ায় জামায়াতের অফিস ভাংচুর-অগ্নিসংযোগ, গ্রেফতার-১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াত ইসলামীর অফিস ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল প্রায় সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীরা মোটর স্ট্যান্ড এলাকা থেকে জড়ো হয়ে পৌর শহরের শহীদ স্মৃতি কলেজ সংলগ্ন জামায়াত ইসলামীর অফিস আল মদিনা কমপে¬ক্সে হামলা চালায়। এসময় বিক্ষুব্ধরা অফিসের তালা ভেঙ্গে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে এবং বই, পত্রিকা, ম্যাগাজিন ও মূল্যবান কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অন্যদিকে কসবা উপজেলার জামায়াত কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জোহর নামাজের পর জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
নোয়াখালীর চৌমুহনীতে ১৪৪ ধারা জারি
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, চৌমুহনীতে একই স্থানে জামায়াত ও আওয়ামী লীগ সভা আহবান করায় প্রশাসন গতকাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রায়পুরে ৩ শিবির কর্মী আটক, সমাবেশে ১৪৪ ধারা জারি
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে রায়পুর শহরের আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে রায়পুর শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (১৮), সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ফরহাদ হোসেন (১৮) ও বাবুরহাট জোন শাখার সেক্রেটারী মোঃ ইব্রাহিমকে (১৬) রায়পুর থানা পুলিশ আটক করে। রায়পুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে সোমবার বিকেল ৩টায় জামায়াত ও যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বগুড়ায় ১৪৪ ধারা জারি
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার গোকুল ইউনিয়নের চাঁদমুহা উচ্চ বিদ্যালয় মাঠে একই সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও জামায়াতে ইসলামী জনসভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়।
নাঙ্গলকোটে জামায়াত নেতা গ্রেফতার
নাঙ্গলকোট (কুমিল্ল¬া) সংবাদদাতা জানান, নাঙ্গলকোট উপজেলা রায়কোট ইউপি জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও মন্তলী হোপ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান খন্দকারকে নাঙ্গলকোট থানা পুলিশ গত রবিবার রাতে গ্রেফতার করেছে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক জানান, মাহফুজুর রহমানকে গত ১৬ নভেম্বর কুমিল্ল¬া সদর দক্ষিণ থানার পুলিশকে আক্রমণ মামলায় গ্রেফতার করা হয়েছে।
ছাগলনাইয়ায় ১৪৪ ধারা জারি, সমাবেশ হয়নি
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা জানান, ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে গতকাল সোমবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর সমাবেশ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম জানান, জামায়াত এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় কাউকে অনুমতি না দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় ওইস্থানে ১৪৪ ধারা জারি করে সকল প্রকার মিছিল-মিটিং সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
গাজীপুরে জামায়াতের ৪ কর্মী আটক
গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল বিকেলে জেলা শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করার সময় ৪ জামায়াত কর্মীকে আটক করেছে জয়দেবপুর থানার পুলিশ। আটককৃতরা হলো মোঃ কবীর হোসেন (৪০), হাবিবুল্ল¬াহ (২৪), শাহিনুর রহমান (২৪) ও শফিকুল হাবিব (২৮)।
মুন্সীগঞ্জে দুই জামায়াত নেতা গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানায়, শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাদ্রাসা হোস্টেল থেকে ২ জামায়াত নেতাকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- জামায়াতের সদর উপজেলা সেক্রেটারী ও মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান (৩৮) ও সদর উপজেলা জামায়াতের সদস্য শাকিব কামাল (২৫)।
মাগুরায় ৬ জামায়াত নেতা কর্মী গ্রেফতার
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৬ জামায়াত নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- মাগুরা শহরের দরি মাগুরা এলাকার বাদশা আলম, বাকিউল, সবুজ মোল্যা, মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মো হারুন শেখ, শ্রীপুর উপজেলার কমলপুর গ্রামের ইলিয়াসুজ্জামান ও গয়েশপুরের মুক্তার হোসেন। পুলিশ জানায়, রবিবার রাতে নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেফতার করা হয়।
