জাইকার ভাইস প্রেসিডেন্টের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩২
জাইকার ভাইস প্রেসিডেন্ট কুরুনিয়াগি সোমবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি টাকাওদোয়া ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে শ্রীনগর উপজেলার দোগাছিতে পদ্মা সেতুর কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন পদ্মা সেতু আবাসিক প্রকল্পে পৌঁছান তারা। পরিদর্শন শেষে জাইকার ভাইস প্রেসিডেন্ট পদ্মা সেতু রেস্ট হাউজে প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মঞ্জরুল আলম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজিজুল আলম, লৌহজং ইউএনও মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুজ্জামান প্রমুখ। প্রায় আধা ঘণ্টার এই বৈঠকে জাইকার ভাইস প্রেসিডেন্টকে প্রস্তাবিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কিছু ভিডিও ক্লিপ দেখানো হয়। কুমারভোগ পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেতু তৈরির জন্য এ দেশের মানুষের আগ্রহ অনেক বেশি। তাই গুরুত্বপূর্ণ এ প্রকল্প হওয়া অবশ্যই দরকার। এদিকে পদ্মা সেতু বিভাগ ও স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে জানা যায়, লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে ১টি, জসলদিয়া গ্রামে ১টি পুনর্বাসন প্রকল্পসহ শরীয়তপুরের জাজিরায় ও মাদারীপুরের শিবচর উপজেলার বাখরের কান্দি গ্রামে আরো ২টি আবাসন প্রকল্প পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের জন্য তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এ প্রকল্পের প্লট বরাদ্দের কাজও চলছে।