অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই্এমএফ প্রতিনিধিদলকে বলেছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে যথাসময়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে । সচিবালয়ে সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আইএমএফ আন্তজার্তিক বাজারের সাথে সমন্বয় করে ডিসেম্বরের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়াতে বলেছিল। এ সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। তবে জানুয়ারিতে দাম বাড়ানো হবে । চলতি শীত মৌসুমেই জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য উপযুক্ত সময়।
গতকাল সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন সংশোধনের জন্য আইএমএফ-এর শর্ত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি ডিসেম্বরের মধ্যে এ কাজ করার কথা থাকলেও আমরা পারিনি। আশা করছি আগামী মার্চের মধ্যে পারব। উল্লেখ্য, আইএমএফ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর শর্ত দিয়েছিলো। এদিকে, গতকাল আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠকের আগে অর্থমন্ত্রী ভারতের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈঠকে প্রতিনিধিদল ট্রানজিট ব্যবহারের বিষয়ে বলেছে। আমি বলেছি, আগে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এছাড়া তারা কারখানা স্থাপনের জন্য জমি চেয়েছে।
