উখিয়ায় ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:২১

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত হওয়া এবং ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনার পর থেকে টেকনাফে বড় ধরনের ইয়াবা চালানের ঘটনা কমলেও বেড়েছে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবার চালান। গত শুক্রবার রাতে ইয়াবার একটি চালান বালুখালী ক্যাম্পে ঢোকার পথে উখিয়া থানা পুলিশ ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান জানান, শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়েরসহ একদল পুলিশ বালুখালী পানবাজারের দক্ষিণ সড়কের ব্রিজের নিচে ওত পেতে অবস্থান করছিলেন। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা ব্রিজের কাছে আসলেই তাদেরকে ধরার জন্য গেলে তারা ইয়াবার চালানটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশের সঙ্গে থাকা স্থানীয় চৌকিদার জুনু পালিয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে হানিফ নামের একজনকে চিনতে পারেন। এ ঘটনায় হানিফসহ আরো তিন/চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়েছে।