কচি-কাঁচার আসরের বন্ধুদের অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। লেখা গুরুত্বের সাথে ছাপানোর জন্য। আরো ধন্যবাদ একদম ৪ রঙের দু’দু’টি পাতা আমাদের (শিশুদের) জন্য বরাদ্দ রাখায়। এত বড় আকারে দেশের অন্য কোন দৈনিকে শিশু পাতা প্রকাশ হয় বলে আমার জানা নেই। তবে কচি-কাঁচার আসর তথা ইত্তেফাক কর্তৃপক্ষের কাছে অনুরোধ শিশু সাংবাদিকদের প্রতিবেদন নিয়ে একটা ছোট-খাটো বিভাগ খোলা যায় কিনা! কারণ আমাদের দেশে অসংখ্য প্রতিভাবান শিশু সাংবাদিক আছে যারা কোন দৈনিকে লেখালেখির সুযোগ পায় না। আশাকরি বিষয়টি বিবেচনা করবেন।
তাহসীনউদ্দীন
দশম শ্রেণি, বরিশাল জিলা স্কুল
আমি রুবাইয়্যাত সিদ্দিকী রাফি। অষ্টম শ্রেণীর একজন ছাত্র এবং সবেমাত্র জে.এস.সি পরীক্ষা শেষ করেছি। আমি তোমাদের আসরেরই একজন নতুন বন্ধু। আমার সদস্য নম্বর ৩০৫৭। পরিশেষে আমি আমার প্রথম কবিতা পাঠাচ্ছি কচি-কাঁচার আসরে।
স্বাধীনতার চিঠি
মুক্তিযুদ্ধের চিঠি এলো
রক্তমাখা খামে,
প্রাণ দিল দামাল ছেলে
মাতৃভূমির নামে।
শস্য-শ্যামল ফসল ভরা
মাঠে ছিল ধান,
একটি কণাও দেবে না তার
থাকতে দেহে প্রাণ।
রক্ত-সাগর পেরিয়ে এসে
স্বস্তি এলো দেশে,
লাল সবুজের পতাকাটা
হাতে এলো শেষে।
রুবাইয়্যাত সিদ্দিকী রাফি
জে.এস. পাইলট উচ্চ বিদ্যালয়
পূর্বধলা, নেত্রকোনা
হেমন্তের শুভেচ্ছা নিও। আশাকরি ভাল আছো বন্ধুরা। আমি ভাল আছি। দীর্ঘ দু’মাস শরতের বিদায় শেষে হেমন্ত নিয়ে এল সোনালি ধানের উজ্জ্বল হাসি। তোমারাও হারিয়ে যাও বন্ধুরা গল্পের মাঝে। এবার দু’টি কবিতা পাঠাচ্ছি। একটি হচ্ছে ‘হেমন্তের সকালে’ এবং অপরটি হচ্ছে ‘বিজয় দিবস’। আসছে ষোলই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে, অজস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই বিজয় দিবস। আশাকরি বিজয়ের দিনে কবিতাটি কচি-কাঁচার আসরের পাতায় ছাপা হবে। আর ছাপা হলে খুব খুশি হবো। ভাল থেকো বন্ধুরা।
মো. শরীফুল ইসলাম
সদস্য নম্বর: ১৯২৩, টাঙ্গাইল
কচি-কাঁচার আসর-এর সদস্য হতে পেরে আমি খুব খুশি হয়েছি। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সদস্য নং-২০৯৬। দুঃখের বিষয় আমার নাম ফিজতিয়া ফারাইয ফুজি এর পরিবর্তে ফিজতিয়া ফারাইয ফুজু প্রকাশ করা হয়েছে। দয়া করে আমার সঠিক নামটি প্রকাশ করলে আমি খুব খুশি হবো। সাথে দু’টি কবিতা পাঠালাম। ছাপার উপযুক্ত হলে ছাপাবেন। তবে ছাপালে খুব খুশি হবো।
ফিজতিয়া ফারাইয ফুজি
সদস্য নম্বর-২০৯৬, রাজারহাট কুড়িগ্রাম
কচি-কাঁচার আসর-এর সদস্য হতে পেরে আমি খুবই খুশি হয়েছি। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার সদস্য নং-৩০২৮। দুঃখের বিষয় আমার নাম সুমাইয়া তাবাসসুম সুমু এর পরিবর্তে সুমাইয়া তাবাসুম সুমু হয়েছে। দয়া করে সঠিক নামটি লিখলে খুশি হবো। সাথে দু’টি কবিতা পাঠালাম। ছাপার উপযুক্ত হলে ছাপাবেন। ছাপালে খুব খুশি হবো।
সুমাইয়া তাবাসসুম সুমু
সদস্য নম্বর-৩০২৮, রাজারহাট, কুড়িগ্রাম
