শেষ পর্যন্ত ইয়াহু তাদের ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ে পাবলিক চ্যাটরুম ফিচারটি বন্ধ করে দেওয়াার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১৪ ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে এই ফিচার। ১৯৯৮ সালে ইয়াহু নিয়ে আসে অনলাইন ম্যাসেজিংয়ের জন্য ইয়াহু ম্যাসেঞ্জার। শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা লাভ করে এই সেবাটি। আর সেই সাথে ধীরে ধীরে এতে নতুন নতুন ফিচার যুক্ত করতে থাকে ইয়াহু। সেই ধারাবাহিকতাতেই এতে যুক্ত হয় পাবলিক চ্যাটরুম ফিচারটি। এর মাধ্যমে কোনো একটি চ্যাটরুমে অপরিচিত যে কারো সাথে আড্ডা দেওয়ার সুযোগ ছিল। তবে এই সুযোগ ব্যবহার করে অনলাইনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আসতে থাকে। অল্পবয়সী তরুণীদের সংশ্লিষ্ট করে অনলাইনে যৌনালাপসহ আরও আপত্তিকর নানা কর্মকাণ্ডের অভিযোগে ২০০৫ সালেও বেশকিছু চ্যাটরুম বন্ধ করে দেয় ইয়াহু। তবে শেষ পর্যন্ত তারা স্থায়ীভাবে পাবলিক চ্যাটরুম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে। পাবলিক চ্যাটরুমের পাশাপাশি অবশ্য ইয়াহু ম্যাসেঞ্জার পিংবক্স সেবাটিও বন্ধ হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। ওই দিন থেকেই আবার উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারের আইডি ব্যবহার করে ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করার সুবিধাটিও বন্ধ করে দিচ্ছে ইয়াহু।
