আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না --- আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২২:২২

জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আল্লাহতালার বিধান হচ্ছে কেয়ামতে তিনিই মানুষের বিচার করবেন। বিচারে কোনো আপস হবে না। যে যা কর্ম করেছে সে সেইরকম বিচার পাবে। আমরা আল্লাহতালার কাছে দোয়া করে রিজিক এবং সরল পথ চাই। সরল পথ হলো ধর্মের পথ। যে শান্তির কথা আল্লাহ বলেছেন, তাহলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের পর তাসবিহ পড়তে হবে ও তওবা করতে হবে। এটা যদি করি তাহলে আমরা ইনশাল্লাহ বেহেস্ত পাবো। তিনি আরো বলেন, আমি আর কিছু করতে না পারলেও ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই ভাণ্ডারিয়ায় সরকারি সাহায্য ছাড়াই বাসস্ট্যান্ডে কলেমা চত্বর নির্মাণ করতে সক্ষম হয়েছি। এখন পবিত্রতার সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। এটি কেউ তুলে ফেলতে পারবে না। যদি কেউ করে বা করার চেষ্টা করে তার বিচার দুনিয়াতে না হলেও আখেরাতে হবে। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না।

গত শুক্রবার রাতে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামি সমাজকল্যাণ কমপ্লেক্স আয়োজিত নয় দিনব্যাপী ৬৫তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অবশ্যই  একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি কোনোক্রমে অতি জরুরি কাজে সে সময় অনুযায়ী কারো পক্ষে নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে সেখানে কাযা নামাজ আদায় করার বিধান রয়েছে। আল্লাহতালা সব গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ করবেন না। আমাদের মধ্যে ইমানের জোর থাকতে হবে এবং নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কারণ এটি আল্লাহতালার নিয়ামত। কে বেহেস্তে বা দোজখে যাবেন সেটা নির্ধারণ করবেন একমাত্র আল্লাহতালা।

তিনি আরো বলেন, এই ধর্মকে রক্ষা করার জন্য অনেক লড়াই, সংগ্রাম এবং যুদ্ধ হয়েছে। ইসলাম ধর্ম কায়েম করার জন্য নবি করিমসহ (স)  অনেক নবি এবং এক লাখের অধিক  সাহাবী যুদ্ধ করেছেন, তাতে বহু সাহাবী শহিদ হয়েছেন। এখনো ধর্ম রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে লড়াই সংগ্রাম অব্যাহত আছে।

উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি দীর্ঘ ৩৪ বছরে আপনাদের মধ্যে কোনো রাজনৈতিক আলাপ করিনি। শুধু কাজের কথা বলেছি। এই ভাণ্ডারিয়ার মানুষের উপর আল্লাহতালার বিশেষ রহমত আছে। কারণ আপনারা এক আছেন। আর এই ৩৪ বছর আপনাদের মাঝে থেকে সেবা করার সুযোগ পেয়েছি—এটাও আল্লাহতালার অসীম রহমত। আপনারা ঝগড়া, ফ্যাসাদ, কাইজ্জা না করে যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই এলাকার আগামী দিনে অসমাপ্ত কাজ শেষ করার জন্য সচেষ্ট থাকবো। তিনি বলেন, আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। আমরা যা কিছু খাই তা সবই আল্লাহতালার নিয়ামত। কারণ মানুষ কিছু সৃষ্টি করতে পারে না। যা কিছু সৃষ্টি হয়েছে তা আল্লাহ প্রদত্ত। ভাণ্ডারিয়ার মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম করে আসছেন। আল্লাহতালা মানুষের শ্রম কখনোই বৃথা যেতে দেন না।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন ইসলামি সমাজকল্যাণ কমপ্লেক্সের সভাপতি ও জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. শাহাবুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু ও পৌর কাউন্সিলর জালাল উদ্দিন সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং মুসল্লিগণ দোয়া মোনাজাতে শরিক হন।

সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ উদ্বোধন: আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা হাট হতে ধাওয়া ইউপি সড়কের নদমুলা হাইস্কুলের সামনে খালের উপর আরসিসি গর্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর ভিটাবাড়িয়া এরশাদ সেতু হতে লক্ষ্মীপুরা বটতলা সড়ক নির্মাণ কাজ, ভাণ্ডারিয়া ফায়ার স্টেশন হতে ফকির বাড়ি সড়ক ভায়া জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের নির্মাণ কাজ, জামিরতলা ইউজেডআর স্টিল ব্রিজ হতে ফকির বাড়ি সড়ক ভায়া জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজ, মধ্য ভাণ্ডারিয়া ৭১নং জিপিএস হতে মজিদ সরদারের বাড়ি ভায়া কৃষি ক্লাব সড়ক, পূর্ব ভাণ্ডারিয়া ইউএনআর পাকা ব্রিজের রাজাপুর বর্ডার ভায়া ৭২নং উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া জিপিএস সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এছাড়া তিনি বিকালে ভাণ্ডারিয়া ইউপি অফিস-মালিয়ার হাট জিসি ভায়া ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড সড়ক খালের উপর  আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ, পূর্ব ভাণ্ডারিয়া আরএসডি সড়ক মিয়া বাড়ি হতে ভাণ্ডারিয়া ইউজেডআর মিয়া বাড়ি পাকা সড়কের সামনে খালের উপর আরসিসি গার্ডার ব্রিজ এবং বাঁশের পুল ইউজেডআর হতে উত্তর ভাণ্ডারিয়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এলজিইডির এসব নির্মাণ কাজের উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় মোনাজাতে আরো অংশ নেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ জোমাদ্দার খসরু, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জেপি নেতা ইউসুফ আলী আকন, সমাজসেবী শাহজাহান তালুকদার প্রমুখ। এসব কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়ার পৌরসভা ও গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।