সংবাদ নিয়ে বিপাকে!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪৫
আমেরিকার শিকাগোর অন্যতম জনপ্রিয় আর পরিচিত একটি টিভি চ্যানেল হিসেবে চ্যানেল নাইনের বেশ ভালোই কদর রয়েছে স্থানীয়দের মাঝে। আর দশটা দিনের মতো আলোচিত এই ঘটনার দিনও তাদের নিয়মিত সূচি মেনে মর্নিং শো দিয়েই শুরু হয়েছিল চ্যানেলটির দিনের কার্যক্রম। একে একে নানা ঘটনার সংবাদ জানিয়ে অনুষ্ঠানটি ঠিক মতোই এগিয়ে নিচ্ছিলেন দুই সংবাদ পরিবেশক ল্যারি পটাশ ও রবিন বমগার্টেন। কিন্তু তাদের পরিবেশিত এই খবরগুলোর চাইতেও বড় খবর হয়ে এলো ঠিক সেই সময়ে শিকাগোর ব্যস্ততম সড়ক মার্টিন লুথার কিং ড্রাইভে একটি হালকা বিমান আছড়ে পড়ার সংবাদ। মুহূর্তেই মধ্যেই ব্রেকিং নিউজ হিসেবে তা প্রচার করে চ্যানেল নাইন। চ্যানেলের নিজস্ব হেলিকপ্টারের সাহায্যে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্যও ভেসে উঠতে থাকে চ্যানেল নাইনের পর্দায়। সেই সাথে চলতে থাকে দুই সংবাদ পরিবেশকের পক্ষ থেকে ঘটনার সম্ভাব্য নানা কারণের বিশে¬ষণও। কিন্তু এরই মাঝে সবাইকে অবাক করে দিয়ে চ্যানেলের স্থানীয় এক প্রতিনিধি জানান, কোনো ধরনের দুর্ঘটনা বা সন্ত্রাসী হামলার কারণে নয়, বরং প্রতিদ্বন্দ্বী চ্যানেল এনবিসি’র শিকাগো ফায়ার নামের একটি টিভি শো’এর শুটিংয়ের জন্যই ইচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটানো হয়। সংবাদের মাঝে এটি জানার পর প্রথমটায় বিস্ময়ে রীতিমতো চোয়াল ঝুলে গিয়েছিল দুই সংবাদ পরিবেশকের। কেননা একেতো এর মাঝে ছিল ভুল সংবাদ পরিবেশনের লজ্জা, তার উপর আবার এটির মাধ্যমে বাড়তি প্রচারণা পেয়ে যাচ্ছিল প্রতিদ্বন্দ্বি এক টিভি চ্যানেলের একটি টিভি শো’ও। এ কারণেই তাত্ক্ষণিকভাবে বিষয়টি সামলে নিতে ল্যারি পটাশ বলেন, ‘তারা (শিকাগো ফায়ার শো’এর লোকেরা) হয়তো সবাইকে জানাতে চাইছে যে তারা এমন একটি শো এর জন্য ব্যস্ত রাস্তা আটকে শুটিং করছে যেটি আদতে কেউই দেখে না!’ শুধু তাই নয় নিজেদের ভুল ঢাকতে আর এই ভুল বুঝাবুঝির দায় চাপাতে সংবাদের পরও এনবিসিকে এক হাত নিয়েছেন চ্যানেল নাইনের নিউজ ডিরেক্টর গ্রেগ ক্যাপুটো। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এর আগেও দেখেছি যে যখন কোনো চলচ্চিত্র বা টিভির কোনো অনুষ্ঠানের জন্য এ ধরনের শুটিং করা হয় তখন তা আগে থেকেই স্থানীয়দের এবং বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়ে রাখা হয় এবং এটাই এখানকার নিয়ম। তবে এক্ষেত্রে যেহেতু তেমন কিছু জানানো হয়নি তাই স্বাভাবিকভাবেই আমাদের নিউজ টিম হেলিকপ্টার থেকে নেওয়া ফুটেজের ভিত্তিতে ঘটনাটির বর্ণনা করছিল।’