সম্প্রতি বিশ্বের সবচেয়ে শীতল কনসার্টটি উপহার দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক চার্লি সিম্পসন। সাইবেরিয়া জনবসতিপূর্ণ একটি গ্রামে হিমাংকের নিচে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা মাইনাস থার্টিতে কনসার্ট করে অনন্য এই রেকর্ডটি গড়েন সিম্পসন। আর এজন্য গিনেজের নিয়ম অনুসরণ করেই ১৫ মিনিটের বেশি সময় ধরে এবং প্রতিটি গানের মাঝে ৩০ সেকেন্ডেরও কম বিরতি নিয়ে খোলা আকাশের নিচে গান করেন সিম্পসন। আর এ ধরনের তাপমাত্রায় যেখানে মানুষের পক্ষে বাইরে একটানা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে দাঁড়ায় সেখানে সিম্পসনের এই কনসার্ট বাড়তি অর্জন হিসেবেই স্বীকার করছেন সবাই। এদিকে টিভি ও রেডিও’র সাথে যোগাযোগবিহীন সাইবেরিয়ার এই গ্রামের জন্যও এ ধরনের রক কনসার্ট দেখার বা এভাবে গান শোনার অভিজ্ঞতা ছিল এটাই প্রথম।
