সভ্যতার শুরু থেকেই মানুষ শিক্ষা নিয়ে এসেছে প্রকৃতির কাছ থেকেই। যেমন, পাখিকে দেখেই প্রথম মানুষ আকাশে ওড়ার প্রেরণা লাভ করে। তেমনি আরও অনেক বিষয়ই রয়েছে। ঠিক তেমনই, প্রকৃতি থেকে অনুপ্রেরণা পেয়েই এবারে অভূতপূর্ব ডিজাইনের চার্জার তৈরি করেছেন ফরাসি ডিজাইনার ভিভিয়েন মুলার। তিনি চার্জার হিসেবে ডিজাইন করেছেন একটি গাছকে, যাতে পাতার স্থানে রয়েছে সোলার প্যানেল।
প্রতিটি গাছের প্রতিটি পাতাই যেন একটি করে প্রাকৃতিক সোলার প্যানেল হিসেবেই কাজ করে। প্রতিটি পাতায় প্রতিনিয়ত ঘটে চলেছে অবিরাম রাসায়নিক বিক্রিয়া। আর তার ফলেই সেগুলো শক্তি উত্পাদন করে চলেছে। সালোক সংশ্লেষণ নামের যে প্রক্রিয়াতে উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে এবং সেই খাদ্যের উপর নির্ভর করেই মানবজাতিকে চলতে হয়, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে মূলতই পাতায়। আবার প্রস্বেদন এবং আরও বেশকিছু প্রক্রিয়া পাতাতেই ঘটে থাকে। ফলে গাছে পাতা-ই হচ্ছে গাছের শক্তির অন্যতম উত্স। গাছ এবং পাতার এই বিষয়টি পর্যবেক্ষণ করেই ভিভিয়েন মুলার এমন একটি ডিজাইনের চার্জার তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন, যার আকৃতি হবে ছোট একটি গাছের মতো। সেক্ষেত্রে তিনি বনসাই আকৃতির গাছকেই বেছে নেন। আর এই বনসাই গাছের প্রতিটি পাতার বদলে তিনি যুক্ত করেন মিনিয়েচার সোলার প্যানেল। পুরো গাছে তিনি সিলিকনের তৈরি এমন ২৭টি মিনিয়েচার সোলার প্যানেল যুক্ত করেছেন। এগুলো এমনভাবে যুক্ত করা হয়েছে যেন এগুলোকে ইচ্ছেমতো ঘুরিয়ে ফিরিয়ে রাখা যায়। অর্থাত্, এই বনসাই চার্জার কেনার পর যে কেউ চাইলেই তার নিজের পছন্দমতো আকার দেওয়ার জন্য সোলার প্যানেলগুলোকে এদিক-সেদিক করে রাখতে পারবেন। অর্থাত্, প্রতিটি ব্যবহারকারীর জন্য এই বনসাই চার্জারের আকৃতি কিছুটা করে পৃথক হবে।
ভিভিয়ান মুলার তার এই চার্জারটির নাম দিয়েছেন ‘দ্য ইলেকট্রি’। তিনি জানিয়েছেন, এই ডিভাইসের নিচের দিকে রয়েছে একটি ব্যাটারি। দ্য ইলেকট্রি’র ব্যাটারিটি ১৪,০০০ এমএএইচ ক্ষমতার। ৩৬ ঘণ্টাতে এটি নিজে পূর্ণ চার্জ লাভ করে। এটি সোলার প্যানেলগুলো থেকে শক্তি সংগ্রহ করে থাকে। এই ব্যাটারিতে পূর্ণ চার্জ থাকা অবস্থায় এটি একটি আইপ্যাডকে দুইবার পূর্ণ চার্জ করতে পারে। আর মাত্র চার ঘণ্টাতেই একটি ফোনকে চার্জ করতে সক্ষম। আইফোন ৫কে এটি নয়বার চার্জ দিতে পারে। এর একদম নিচের দিকে রয়েছে ইউএসবি পোর্ট। এর মধ্যে একটি ইউএসবি স্মার্টফোনের জন্য এবং আরেকটি ইউএসবি পোর্ট রাখা হয়েছে দ্রুত ট্যাবলেট পিসি চার্জ করার জন্য। এর পাশাপাশি এতে একটি এনএফসি চিপও রাখা হয়েছে। তারহীন ডিভাইসগুলোকে এর সাথে সংযুক্ত করতেই এই চিপ ব্যবহার করা হয়েছে এতে। এর মূল্য রাখা হয়েছে ২৮৩ পাউন্ড। শীঘ্রই এর উত্পাদনে যাবেন ডিজাইনার ভিভিয়ান মুলার।
